২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর জুয়েল হত্যায় চার তরুণের সাজা

পনের বছর আগে ফরিদপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী মো. জুয়েল (১৬) হত্যা মামলায় চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 05:49 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

ঢাকার জুভেনাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দেন।

দণ্ড্রপাপ্তরা হলেন- মাহবুবুর রহমান বাবু, মেহেদী হাসান রনি, তৌফিক জাহান জনি, ইকবাল হোসেন মোল্লা রাজু । এদের মধ্যে মেহেদী হাসান রনি পলাতক।

রায়ে পাঁচজনকে খালাস দিয়েছেন বিচারক।

ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা বলেন, এই মামলায় প্রাপ্তবয়স্ক তিনজন আসামি ছিলেন, যাদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে কয়েকবছর আগে।   

“অন্য আসামিরা শিশু হওয়ায় ১৯৭৪ সালের শিশু আইনের ৫২ ধারায় তাদের বিচার হয়। মামলাটি আলাদা করে আবারও বিচার শুরু হলে নতুন করে সাক্ষ্য নেয়া থেকে আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক, শুনানি নেন একই বিচারক। যে কারণে দ্রুত বিচার ট্রাইবুনালের মামলা হলেও রায় পেতে দেরি হল।”

বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্ত আসামিরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হলেও বর্তমানে তাদের বয়স ১৮ বছরের বেশি হওয়ায় কারাগারে তাদের সাজা খাটতে হবে বলে জানান তিনি।   

রাষ্ট্রপক্ষের এই বিশেষ পাবলিক প্রসিকিউটর জানান, এ মামলাটি সংক্ষিপ্ত সময়ে বিচারের জন্য ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ও শিশু আদালত থেকে ২০০৬ সালে ঢাকায় মামলার নথিপত্র স্থানান্তর করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৭ মার্চ বিকাল ৫টার দিকে ফরিদপুরের গোয়ালচামট এলাকার এক নম্বর সড়কের বাবুলের বাড়ির পাশে ফাঁকা জায়গায় পূর্ব শত্রুতার জের ধরে লাঠিসোটা-হকিস্টিক পিটিয়ে জুয়েলকে হত্যা করা হয়।

জুয়েলের বড় ভাই মো. মিলন মিয়া এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন কোতয়ালী থানায়।

আাইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা জানান, বিচারক অভিযোগপত্রের ২০ জন সাক্ষীর মধ্যে থেকে ১১ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।