‘নিহত’ কিশোরীর জীবিত ফেরা: দুই পুলিশ কর্মকর্তাকে তলব
নারায়ণগঞ্জে ‘নিহত’ কিশোরীর ফিরে আসার ঘটনায় তার বাবার করা অপহরণ মামলার দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে আগামী ১৭ সেপ্টেম্বর লিখিত ব্যাখ্যাসহ হাজির হতে বলা হয়েছে।
আর তাকে প্রত্যাহার করার দায়িত্ব পাওয়া নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আব্দুল হাইকে বলা হয়েছে মামলার সিডি (কেস ডকেট) নিয়ে হাজির থাকতে।
গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া কিশোরীর ফিরে আসার ঘটনায় রিভিশন মামলার জন্য করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী শিশির মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই তদন্ত কর্মকর্তাকে তলবের পাশাপাশি নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমকে সব নথিপত্র (মামলার রেকর্ড) পাঠাতে বলা হয়েছে। আমি আশা করছি তদন্ত কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা পাওয়ার পরে মাননীয় আদালত উপযুক্ততা বিবেচনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”
তিনি বলেন “মামলার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন তিনজন আসামির জবানবন্দী রেকর্ড করেছেন। আবার ১৬৪ ধারার সেই জবানবন্দী ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডেড হয়েছে।
“অথচ ৪৯ দিন পর মেয়েটি এসে বলল ‘আমি তো মরিনি! আমি তো ইকবাল নামের একজনের সাথে প্রেম করে সংসার করছি’। তাহলে ১৬৪ ধারার জবানবন্দী কীভাবে বলা হল গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মেয়েটিকে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে?”
রিভিশন মামলার আবেদনের আইনি ব্যাখ্যায় শিশির মনির বলেন, “কেউ কেউ প্রশ্ন তুলেছেন আইনজীবীরা রিভিশনার আবেদন করতে পারেন কিনা। এর সমর্থনে আমি কলকাতা হাই কোর্ট ও ভারতের সর্বোচ্চ আদালতের নয়টি রায়ের রেফারেন্স তুলে ধরেছি। সেগুলো দেখিয়ে আমি বলেছি এই উপমহাদেশে এরকম নজির আছে। আইনজীবী যিনি মামলার বাদি-বিবাদি পক্ষ নন, তারা রিভিশনাল আবেদন দায়ের করতে পারেন। এই নজিরটাই আমি তুলে ধরেছি যেন আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো প্রশ্ন না ওঠে।”
গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়া কিশোরীর ফিরে আসার ঘটনায় গত মঙ্গলবার হাই কোর্টে রিভিশন মামলার আবেদন করেন পাঁচ আইনজীবী।
ওই কিশোরী নিখোঁজ হওয়ার পর নারায়ণগঞ্জ মডেল থানায় তার বাবার করা অপহরণ মামলায় গ্রেপ্তার তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অপহরণ মামলাটির শুদ্ধতা, বৈধতা এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয় আবেদনে।
এছাড়াও আবেদনে অপহরণ মামলার নথি তলবের আরজিও জানানো হয়।
আবেদনকারী পাঁচ আইনজীবী হলেন, মো. আসাদ উদ্দিন, মো.জোবায়েদুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. আল রেজা আমির এবং মো. মিসবাহ উদ্দিন।
শিশির মনিরের ভাষ্য, ফৌজদারী কার্যাবিধির ৪৩৫ এবং ৪৩৯ ধারা অনুযায়ী অধস্তন আদালতের কোনো অবৈধতা অথবা বড় ধরনের কোনো অনিয়ম যদি উচ্চ আদালতের নজরে আসে অথবা কেউ আনে অথবা স্বতঃপ্রণোদিত হয়ে নজরে আসে, তাহলে উচ্চ আদালত অধস্তন আদালতের রেকর্ড কল করে অবৈধতা, অনিয়মের অভিযোগ যাচাই করতে পারেন। রিভিশনাল পাওয়ার হাই কোর্টের একটা এখতিয়ার আছে, ব্যতিক্রমী ক্ষেত্রে উচ্চ আদালত তা প্রয়োগ করতে পারে।
গত ৪ জুলাই ১৫ বছর বয়সী এক কিশোরী নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে না পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি এবং মামলা করেন। ওই মামলায় পুলিশ অটোরিকশা চালক রকিব, আব্দুল্লাহ্ ও খলিলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলটন হোসেন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের পৃথক আদালতে অপহরণ, ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার দায় স্বীকার করে বলে জবানবন্দি দেন।
এদিকে, ঘটনার ৫১ দিন পর গত ২৩ অগাস্ট ওই কিশোরী তার মোবাইলফোনে যোগাযোগ করলে পরিবারের লোকজন তাকে এনে পুলিশে সোর্পদ করে।
ফিরে আসার পর ওই কিশোরী আদালতে জানিয়েছে, ইকবাল নামের এক যুবককে বিয়ে করে বন্দর এলাকার এক ভাড়া বাড়িতে সংসার পাতে সে। আদালত এখন ওই কিশোরীকে তার পরিবারের জিম্মায় দিয়েছে।
মেয়েটি ফিরে আসার পর অভিযোগ ওঠে, জিজ্ঞাসাবাদে মারধর না করার কথা বলে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম। এ অভিযোগের প্রেক্ষিতে এসআই শামীমকে সরিয়ে দিয়ে পরিদর্শক (অপারেশন) আব্দুল হাইকে মামলার তদন্তভার দেওয়া হয়।
