বেদখল বনভূমি নিয়ে প্রতিবেদন চায় সংসদীয় কমিটি
রেকর্ডভূক্ত এক লাখ একরেরও বেশি বেদখলে থাকা বনভূমি সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি।
ওই প্রতিবেদনে বেদখল বনভূমির সর্বশেষ অবস্থা, উচ্ছেদ প্রক্রিয়া, নিয়োগ করা আইনজীবীদের ভূমিকা, দখলদার উচ্ছেদে কতবার নোটিস দেওয়া হয়েছে, সে সম্পর্কে তথ্য দিতে হবে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক লাখ একরের বেশি বনভূমি দখলে রয়েছে। এই এক লাখ পুরোপুরি কাগজে-কলমে বনের জমি। এর বাইরেও প্রচুর বনভূমি দখলে রয়েছে।
“আমরা এই জমির বিষয়টি আগে দেখতে চাই। এজন্য মন্ত্রণালয়কে এ সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা দেখতে চাই দখলদারদের উচ্ছেদে কতবার নোটিস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছেন। এই কাজে জড়িত আইনজীবীদের কাজেরও মূল্যায়ন করতে চাই আমরা।”
গত মাসে কমিটির বৈঠকেও বেদখলে থাকা বনভূমি নিয়ে আলোচনা করে সংসদীয় কমিটি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সম্প্রতি বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ-টিআইবি বলছে, ১৯৮৯ সালের পর থেকে এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ১৬ হাজার ২৫৬ একর বনভূমি ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৩১ হেক্টর বনভূমি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ২ লাখ ৬৮ হাজার ২৫৬ একর বনভূমি জবরদখলের শিকার হয়েছে।
সাবের হোসেন বলেন, “অনেক জমি সিএস খতিয়ানে বন বিভাগের মালিকানায় ছিল। পরে এসএ খতিয়ানে সেটা আবার ডিসি অফিসের কাছে দেওয়া হয়।
“ডিসি অফিস সেগুলো আবার বিভিন্নভাবে লিজ দিয়েছে। এগুলো ফেরত আনতে হবে। সেজন্য আইনি প্রক্রিয়া বের করতে বলা হয়েছে।”
মৌলভীবাজারে সম্প্রতি বেদখলে থাকা এই বনভূমি উদ্ধার করা হয় (ফাইল ছবি)
এক কোটি চারা রক্ষায় সামাজিক সম্পৃক্ততা চায় কমিটি
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি গাছের চারা রোপণের কর্মসূচিতে সামাজিক সম্পৃক্ততা চেয়েছে সংসদীয় কমিটি।
গত ১৬ জুলাই সারাদেশে এক কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ করা হবে।
এক কোটি গাছের চারার মধ্যে ৫০ শতাংশ ফলদ এবং বাকি ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী।
দেশের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে বনজ, ফলদ ও ঔষধী গাছ বিতরণ করতে বন বিভাগের নার্সারিগুলোতে সেগুলো উৎপন্ন করা হয়েছে।
সংসদীয় কমিটিতে মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে ৩৮ লাখ ৫১ হাজার ৪৫৩টি চারা রোপণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে ১ কোটি চারা রোপণের কর্মসূচি উদ্বোধন করেন। ছবি: পিআইডি
সাবের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই যে গাছ লাগান হচ্ছে, এর ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে।
“কমিটি বলেছে জিআইএস ম্যাপিং করে কোন এলাকায় কী ধরণের গাছ লাগানো হয়েছে তা মূল্যায়ন করতে হবে। এর অর্থনৈতিক দিকেরও মূল্যায়ন করতে হবে।”
তিনি বলেন, “এসব গাছ রক্ষায় বিভিন্ন সমাজিক সংগঠনকে যুক্ত করার জন্য বলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ কাজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে গাছগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এই গাছের অর্থনৈতিক বেনিফিটটাও হিসাব করতে হবে।”
পরিবেশ গবেষণা মেলার সুপারিশ
পরিবেশ নিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের গবেষণাকে সরকারের কাজে সম্পৃক্ত করতে প্রতিবছর ‘পরিবেশ গবেষণা মেলা’ আয়োজনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে এই মেলার আয়োজন করা যায় কি না, তা বিবেচনা করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।
সাবের হোসেন বলেন, “পরিবেশ নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। কিন্তু সরকার সবসময় সেটা জানতে পারছে না। এই গবেষণাগুলো সরকারের তথা পরিবেশ রক্ষায় কাজে লাগাতে হবে। সেজন্য এখানে গবেষকদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।
“সেজন্য এই মেলার আয়োজন করতে বলা হয়েছে। এ্ মেলা হলে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন গবেষকদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবে।”
