২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিজের ঘরে চিকিৎসক দম্পতি দগ্ধ

ঢাকার হাতিরপুলে একটি বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন এক চিকিৎসক দম্পতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 07:11 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

কোনোভাবে আগুন থেকে হ্যান্ডস্যানিটাইজারের মাধ্যমে তা ছড়িয়ে এই দম্পতি দগ্ধ হন বলে পুলিশের ধারণা।

অগ্নিদগ্ধরা হলেন রাজিব ভট্টাচার্য (৩৬) ও আনুশকা ভট্টাচার্য (৩২)।

রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক। আনুশকা শ্যামলীর সেন্ট্রাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের রেজিস্ট্রার।

তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন।

বুধবার প্রথম প্রহরে সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় বলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানিয়েছেন।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, রাজিবের শরীরের ৮৭ শতাংশ ও আনুশকার ২০ শতাংশ পুড়েছে।

দুজনের অবস্থা গুরুতর জানিয়ে তিনি বলেন, রাজিবকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণের বিষয়ে ওসি পরিতোষ বলেন, “রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে মশার কয়েল থেকে না অন্য কোনোভাবে আগুন ধরে যায়।”

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঘরে ঘরে স্যানিটাইজারের ব্যবহার বাড়লেও তা দাহ্য বলে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা।

রাজিবকে বাঁচাতে এসে তার স্ত্রীও দগ্ধ হন বলে জানান ওসি।

এই চিকিৎসক দম্পতির ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সে কয়েক সপ্তাহ ধরে কুমিল্লার দেবিদ্বারে দাদা বাড়িতে আছে।