২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চার উপনির্বাচন নিয়ে সোমবার বসছে ইসি

বগুড়া ও যশোরের পর আরও চার উপনির্বাচন নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 12:15 AM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ শূন্য আসনের নির্বাচন করার বিষয় নিয়ে সোমবারের এ কমিশন সভা রয়েছে। পাবনা-৪ ও ঢাকা-৫ শূন্য আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হতে পারে।

এসব উপনির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে তা কমিশন সভায় সিদ্ধান্তের পরই জানা যাবে বলে জানান তিনি।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন ১৩ জুন এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন ৯ জুলাই শূন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন ও ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়।

জানুয়ারিতে শূন্য হওয়া বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ নির্বাচন করোনাভাইরাস মহামারীর কারণে আটকে ছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে গেল ১৪ জুলাই মেয়াদ শেষের আগে উপনির্বাচন করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এখন দুই ধাপে নাকি একই দিনে ভোট করা যায়- সে বিষয়ে সোমবারের সভায় আলোচনা হতে পারে।

আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন করতে হবে।

পুরনো খবর:

যশোর-বগুড়ায় উপনির্বাচনের দিন দিল ইসি