২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যাক্রান্ত সাত জেলায় আরও ত্রাণ

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য দেশের সাত জেলায় আরও ৭০০ মেট্রিক টন চাল, আট লাখ টাকা ও ছয় হাজার প্যাকেট খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 08:39 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

গাইবান্ধা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, জামালপুর, রাজবাড়ী ও টাঙ্গাইলের ডিসি বরাবর এসব ত্রাণ সামগ্রী বরাদ্দ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বন্যা, নদীভাঙ্গন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য গত ৬ জুলাই সারা দেশে ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল এবং এক কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার।

এছাড়া বন্যাক্রান্ত ১২ জেলায় ২৪ হাজার প্যাকেট-বস্তা শুকনা ও অন্যান্য খাবার, শিশু খাদ্য কিনতে ২৪ লাখ টাকা এবং গো-খাদ্য কিনতে আরও ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

পরে বন্যাক্রান্ত কয়েকটি জেলায় চাল, নগদ টাকা এবং শুকনা খাবার পাঠানো হয়েছে।

নতুন করে গাইবান্ধা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, জামালপুর ও রাজবাড়ী জেলা একশ টন করে চাল এবং গাইবান্ধা, মানিকগঞ্জ, ফরিদপুর ও জামালপুর জেলায় দুই লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ, ফরিদপুর ও জামালপুর জেলায় দুই হাজার প্যাকেট করে শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

বরাদ্দপত্রে বলা হয়েছে, বরাদ্দকৃত ত্রাণ শুধু আপদকালীন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোনো কাজে এ বরাদ্দ বিতরণ করা যাবে না।

মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশনা অনুসরণ করে ডিসিদের এসব ত্রাণ বিতরণের নির্দেশনা দিয়ে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাবও সংরক্ষণ করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, দেশের ১৮টি জেলায় বন্যা বিস্তৃত হওয়ায় চার লাখ ৮৭ হাজার ৩৭৬টি পরিবারের ২২ লাখ ৪৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুরনো খবর

বন্যা: ২৩ জেলার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ  

বন্যা: জেলায় জেলায় ত্রাণ বিতরণ