রিজেন্টকাণ্ড: সাহেদের সহযোগীর ভায়রা আটক
করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তার এক সহযোগীর স্বজন আটক হয়েছে।
গ্রেপ্তারকৃত গিয়াসউদ্দিন সাহেদের সহযোগী মাসুদ পারভেজের ভায়রা বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশুলিয়া নরসিংপুর এলাকায় র্যাবের তল্লাশির সময় তাকে গাড়ীচালক মাহমুদুল হাসানসহ গ্রেপ্তার করা হয়।
আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছে রিজেন্ট হাসপাতালের সাহেদের স্বাক্ষরসহ একটি বেসরকারি ব্যাংকের ৪৮টি চেকের পাতা পাওয়া গেছে।”
এছাড়া তার গাড়ি থেকে ইয়াবা, ফেনসিডিলও উদ্ধার করা হয় বলে তিনি জানান।
আশিক জানান, নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে গিয়াস নিজেকে মাসুদ পারভেজের ভায়রা পরিচয় দেয়।
রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপক মাসুদ পারভেজকে র্যাব ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।
এই র্যাব কর্মকর্তা বলেন, গিয়াসের গাড়িতে করেই সাহেদ ৭ জুলাই ঢাকার বাইরে পালিয়ে যায়।
রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলায় গিয়াস আসামি নয়। তার কাছে পাওয়া মাদকের বিষয়ে আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
