২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় লঞ্চডুবির তদন্ত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2020, 05:47 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুর্ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয় তার রিপোর্ট আমরা চেয়েছি। রিপোর্ট সংসদীয় কমিটি পর্যালোচনা করতে চায়, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।”

গত ২৯ জুন ঢাকা সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে  অর্ধশতাধিক যাত্রী নিয়ে আসা এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।

ওই ঘটনায় নৌ-পুলিশের এসআই শামছুল আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। প্রাণহানির ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৪ ধারায় অবহেলাজনিত মৃত্যুসহ কয়েকটি অভিযোগ আনা হয় সেখানে।

মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট ছয়জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও র‌্যাব। এজাহারের আসামিদের মধ্যে ময়ূর-২ লঞ্চের মাস্টার জাকির ও গ্রিজার হৃদয় এখনও পলাতক।

সর্বশেষ বুধবার ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির মৃধাকে গ্রেপ্তার করা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে নৌপথে যাত্রী হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে ই-টিকেটিং কার্যক্রম গ্রহণ করা হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বৈঠকে বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) উন্নয়ন কার্যক্রম, ড্রেজিং পরিস্থিতি এবং বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরের চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা প্রধানদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির শূন্য পদগুলো দ্রুত পূরণ নিয়েও আলোচনা হয়।

 বৈঠকে বর্তমানে অধিদপ্তরগুলোতে জনবলের ঘাটতি কত, কীভাবে তা পূরণ করা যায়, সে বিষয়ে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা অংশ নেন।