২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টি

মধ্যরাতে আগুনে ঢাকার কমলাপুরে টিটিপাড়া মেথর পট্টির অন্তত ৩০টি ঘর পুড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 04:11 AM

Updated : 10 Oct 2022, 07:15 PM

শনিবার প্রথম প্রহরে লাগা এই আগুন ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম।

তিনি বলেন, “রাত ১টা ৫৫ মিনিটে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে ৩০টি টংঘর পুড়েছে জানিয়ে লিমা বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাজাহানপুর থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুইপার কলোনির ওই ঘরগুলো সুইপারা নিজেরাই তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেখানে শতাধিক সুইপার বসবাস করত।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।