তথ্য গোপন করে আবেদন করা নিয়ে হাই কোর্টের সতর্কবার্তা
আদেশের পর সে তথ্য গোপন করে একই মামলা বা আবেদন যাতে আইনজীবীরা অন্য কোর্টে দাখিল না করেন, সে বিষয়ে সতর্ক করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের প্রতি নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে।
একই মামলা বা আবেদন একই সঙ্গে কয়েকটি আদালতে দাখিল না করতেও বলেছে হাই কোর্ট।
সম্প্রতি একটি জামিন জালিয়াতির ঘটনার প্রেক্ষাপটে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ থেকে বৃহস্পতিবার এ নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.বশির উল্লাহ।
জামিন জালিয়াতির কারণে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ গত ১০ জুন একটি হত্যা মামলার পাঁচ আসামির জামিন বাতিল করে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম তথ্য গোপন ও জালিয়াতির বিষয়টি নজরে আনার পর বিচারক সেদিন আসামিদের জামিন বাতিলের আদেশ দিয়েছিলেন।
আদেশে আদালত পাঁচ আসামিকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয়। এই সময়ের মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করতে খুলনার এসপিকে নির্দেশ দেওয়া হয়।
খুলনার দিঘলিয়ার টিপু শেখ হত্যা মামলার এই পাঁচ আসামি হলেন-সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।
গত ১৮ মে বিচারপতি জাহাঙ্গীর হোসেনেরি এই ভার্চ্যুয়াল কোর্ট থেকেই পাঁচ আসামির জামিন হয়েছিল।
সেদিন এই পাঁচ আসামির জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন আবু হেনা মোস্তফা কামাল।
ওই আদেশে বিচারক এই আইনজীবীকে ভার্চুয়াল কোর্টে আর কোনো মামলা পরিচালনা করতে নিষেধ করেন। এছাড়া তাকে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয় যে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।
বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টে যুক্ত হয়ে আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল কারণ দর্শালেও তাতে সন্তুষ্ট হতে পারেননি বিচারক।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন জালিয়াতির বিষয়ে ব্যাখ্যার জন্য ওই আইনজীবীকে ১৫ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তাকে পরিপূর্ণ ব্যাখ্যা দিতে হবে। আজকের ব্যাখ্যাটা পরিপূর্ণ হয় নাই এবং আদালত সন্তুষ্ট হতে পারেনি।”
তিনি বলেন, “এছাড়া আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি নির্দেশনা দিয়েছেন। প্রায় সময়ই দেখা যায় একই মামলা বা আদেশ দুই-তিনটি বেঞ্চে ফাইল করেন আইনজীবীরা। যে কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে নির্দেশ দিয়েছেন যে, আইনজীবী যাতে এ ধরনের কার্যক্রম না করেন, তার জন্য একটা বিজ্ঞপ্তি দিতে।”
বশির উল্লাহ বলেন, “দেখা গেল কোনো একটি মামলায় আদেশ হয়ে গেছে, মামলা বা আবেদনটি হয়ত নিয়মিত বেঞ্চে নিয়ে যেতে বলেছেন আদালত।
“পরে খবর পাওয়া গেল যে তথ্য গোপন করে এই মামলা বা আবেদনটি আরেকটি বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। আদালত এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বলেছেন এই ধরনের কার্যক্রম চলতে পারে না, যাতে না হয়।”
জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, “হাই কোর্ট রুলসেই এই নির্দেশনা আছে। তাছাড়া কোনো আইনজীবী যদি জ্ঞাতসারে বা ইচ্ছা করে জালিয়াতি করেন এবং এটা যদি প্রমাণ হয়, তাহলে আদালতই ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
“কেউ যদি জালিয়াতির সাথে জড়িত থাকে তাহলে তার দায়-দয়িত্ব তো তাকে নিতেই হবে। যদি প্রমাণিত হয় কোনো আইনজীবী ইচ্ছা করে সে জালিয়াতির সাথে জড়িত ছিলেন, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা তার সদস্যপদ বাতিল করতে পারব, আরো অনেক কিছু করতে পারব।”
তবে অনেক সময় একই মামলা বা আবেদন একাধিক আইনজীবীকে দিয়ে দাখিল করিয়ে থাকেন বলে জানান আইনজীবীদের এই নেতা।
