দেশের নারী প্রকৌশলীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নারী প্রকৌশলী সম্মেলন।
কোভিড-১৯ মহামারীর মধ্যে ভার্চুয়ালি এই সম্মেলন করা হয় বলে বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশে প্রথম নারী প্রকৌশলী সম্মেলন উদ্বোধন করেন আইইবির সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।
দ্য ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলন মঙ্গলবার রাত ৮টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়।
সবুর বলেন, “চাকরী জীবনে নারী প্রকৌশলীরা কর্তব্যনিষ্ঠ ও সৎ হিসেবে পরিচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা নেওয়ার পর থেকেই বিভিন্ন পদে নারীদের পদায়ন করেছেন। প্রথম নারী বিচারপতি, প্রথম নারী সচিব, প্রথম নারী স্পিকার এবং এসবের ধারাবাহিকতায় প্রথম প্রধান প্রকৌশলীও বঙ্গবন্ধু কন্যার শাসন আমলের অবদান।”
আইইবি থেকে নারী প্রকৌশলীদের কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোসহ তাদের সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরসহ সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বুলবুল আখতার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রওশন মমতাজ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নীরা মজুমদার, এলজিইডি প্রজেক্ট ডাইরেক্টর সালমা শহীদ, আইবির কেন্দ্রীয় পর্ষদের সদস্য তানজিলা খানম।
সম্মেলনে অংশগ্রহণকারী নারী প্রকৌশলীদের মধ্যে ছিলেন মৌসুমী সালমীন, সোনিয়া নওরীন, সালমা আখতার। অনুষ্ঠানের মডারেটর ছিলেন দ্যা ইঞ্জিনিয়ারস ফাউন্ডেশনের আহ্বায়ক এবং আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারী শেখ তাজুল ইসলাম তুহিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯১৯ সাল থেকে যুক্তরাজ্যের উইমেনন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি ২৩ জুনকে নারী প্রকৌশলী দিবস হিসেবে পালন করত। পরে ২০১৭ সাল এসে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস হিসেবে ঘোষণা করে।
তবে বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র প্রতিষ্ঠাবার্ষিকী ৭মে 'ইঞ্জিনিয়ার্স ডে' হিসেবে পালন করা হয়।
