ঢাবি ছাত্রী সুমাইয়ার ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তির দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন ‘হত্যার’ প্রতিবাদ জানিয়ে ‘খুনিদের’ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু এক যৌথ বিবৃতিতে সারাদেশে নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন।
সুমাইয়া নাটোর সদরের হরিশপুর বাগানবাড়ি এলাকার মোস্তাক হোসাইনের স্ত্রী ও শহরের বলাড়িপাড়া মহল্লার সিদ্দিকিুর রহমানের মেয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় ছিলেন।
সংবাদপত্রে আসা খবরে বলা হয়, বাবার বাড়িতে থেকে বিসিএস ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সুমাইয়ার। তবে তার স্বামী মোস্তাকের এতে আপত্তি ছিল।
গত শনিবার শ্বশুর বাড়িতে গেলে দুদিনের মাথায় সোমবার সুমাইয়ার মৃত্যুর খবর জানা যায়। শ্বশুরবাড়ির লোকজন সুমাইয়ার লাশ নাটোর সদর হাসপাতালে নিয়ে বলেন, গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন তিনি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে বলা হয়, “করোনা দুর্যোগেও একের পর এক এ ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি না হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে।
"অতিদ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হত্যাকারীসহ নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
