ঢাকায় রেড জোনের সিদ্ধান্ত ‘দুই-চার দিনের মধ্যেই’
করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের বিভিন্ন জেলায় ৪৫টি অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করে অবরুদ্ধ করা হলেও সবচেয়ে বেশি সংক্রমণের এলাকা ঢাকা মহানগরীর কোন অঞ্চলের কতটুকু নিয়ে ‘রেড জোন’ হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
আগামী দুই-চার দিনের মধ্যে ঢাকার রেড জোন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ধাপে ধাপে সেসব এলাকায় ছুটি ঘোষণা ও অবরুদ্ধ করা হবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকায় রেড জোন ঘোষণা করে ছুটি ঘোষণা করব, কিন্তু এক্ষেত্রে একটু বেশি চিন্তাভাবনা করতে হচ্ছে।
“কারণ রাজধানী খুব ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে কলকারখানা আছে, গুরুত্বপূর্ণ অফিসগুলো রয়েছে। এসব কারখানা ও অফিসগুলোকে বাঁচাতে হচ্ছে। কোন এলাকাকে কীভাবে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে, তা নিয়ে কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, অনেকগুলো বিষয় সামনে রেখে ঢাকার রেড জোনের এলাকা নির্ধারণ করতে হচ্ছে। সব জায়গায় একসাথে বিধিনিষেধ দেওয়া যাবে না। যে জায়গায় বেশি সংক্রমণ, সেই জায়গা আগে অবরুদ্ধ করা হবে।
“ইকোনমি চালু রাখতে হবে, এটা আমাদের স্ট্রাটেজি। এর পাশাপাশি ছোট ছোট করে অঞ্চল সামর্থ্য অনুযায়ী অবরুদ্ধ করা হবে, যাতে নরমাল লাইফ বাধাগ্রস্ত না হয়।”
২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে লকডাউনে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখন শনাক্ত রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে সার দেশকে লাল, হলুদ ও সুবজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপ করছে সরকার।
গত তিন দিনে ১৯ জেলায় এরকম ৪৫টি অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করে তিন ধাপে সেসব অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।
ঢাকার কোন কোন এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হবে তা এখনও চূড়ান্ত করা না হলেও করোনাভাইরাস সংক্রমণের ম্যাপে ঝুঁকির এলাকাগুলো ‘জ্বলজ্বল’ করছে বলে মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আইসিটি বিভাগ একটি অ্যাপের মাধ্যমে সেটা চিহ্নিত করেছে, সেখানে স্পষ্ট চিত্র আছে। ঢাকার ম্যাপের মধ্যেও তা দেখা যায়। সেই অ্যাপটি এখনও বাইরে যায়নি, সেখানে সব তথ্য প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে।”
বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে ‘ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ হবে’ মন্তব্য করে ফরহাদ বলেন, “অনেক চিন্তাভাবনা করে এটা করতে হবে। আশা করি কিছু দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। খুব সাবধানে ম্যাপিংটা করতে হচ্ছে। দুই-চার দিনের মধ্যে হয়ত একটা সিদ্ধান্ত আসবে।”
‘আমি ইনফেকটেড হব না’- এই প্রত্যয় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজগুলো করলেই আক্রান্তের হার কমে যাবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “এগুলো করার আগে সরকারকে অনেক চিন্তা করতে হচ্ছে। অনেক মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাদের কী হবে, বাড়ি ভাড়া কীভাবে দেবেন, পরিবারের অন্যদের খরচ মেটাতে হচ্ছে, এসব নিয়েও আমাদের ভাবতে হচ্ছে।”
ফরহাদ জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিভিল সার্জন রেড জোন চিহ্নিত করার কাজটি করছেন। সবাই একমত হয়ে কতটুকু জায়গা রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে তা নির্ধারণ করা হচ্ছে।
“আমাদের সাজেশন দেওয়া আছে, অযথা আটকে ফেললে অনেকেই ভোগান্তিতে পড়বে। যারা বেসরকারি চাকরি করেন তারা ঝামেলায় পড়বেন। বেসরকারি খাতের লোকজনতো এমনিকেই ঝুঁকির মধ্যে আছেন, অনেকে চাকরি হারাচ্ছেন, বেতন কমে গেছে। এজন্য কোন এলাকা অবরুদ্ধ করা হবে সেই এরিয়া বুঝে শুনে নির্ধারণ করতে হবে। এটা করতে গিয়েই ঢাকায় সময় লাগছে।”
রেড জোন ঘোষণার মূল কাজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হলেও সেখানে অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত জানিয়ে ফরহাদ বলেন, “রোগী থাকলে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার সব ব্যবস্থা রাখতে হবে। কারখানা থাকলে তাদের কী হবে, সেই কারখানা যদি রপ্তানিমুখী হয় সেটার কী হবে, বিকল্প পথ বের করতে হবে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, “রেড জোন এলাকার কোনো কারখানা সচল রাখতে হয়ত মালিককে ছোট্ট করে একটা টানেল করতে বলা হল, যেখান দিয়ে তার কর্মচারীরা যাতায়াত করবেন। কিন্তু উনি হয়ত বললেন যে টানেল করতে বিনিয়োগ করবেন না, তখন কী হবে? এসব নিয়ে আমাদের ভাবতে হচ্ছে।
“এমন হতে পারে কোনো কোনো রেড জোনে তাবু ও বাঁশের ফ্রেম দিয়ে টানেল থাকবে।… সব কিছু একেবারে বন্ধ করে দিলে তো অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, নানারকম অসুবিধার বিষয় আছে, ঢাকার বিষয়টা জটিল। সেজন্য একটু অপেক্ষা করতে হচ্ছে, আমরা কাজ করছি।”
ঢাকায় রেড জোন হিসেবে চিহ্নিত যে ৪৫টি এলাকার নাম সংবাদমাধ্যমে এসেছে, সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরিয়া ডিমার্কিং করছি। সেই ডিমারকেশন চূড়ান্ত হলে সেটা ঘোষণা করা হবে, এরপর সাধারণ ছুটি ঘোষণা করা হবে।”
আরও পড়ুন
