২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইদ্রিসুর রহমান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2020, 03:08 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

বুধবার ভোরে ঢাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এক বিবৃতি জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এক বিবৃতিতে তিনি আইনজীবী মানবাধিকার কর্মী মোহাম্মদ ইদ্রিসুর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই আইনজীবীকে ‘অভিভাবক’ হিসেবে বর্ণনা করে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতাও শোক প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে তারা বলেন, ইদ্রিসুর রহমান জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে আজীবন দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দলের সাথে নিবিড় যোগাযোগ রাখতেন। রাজনৈতিক, আইনগত পরামর্শ ও নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে দলের পাশে দাঁড়িয়ে একজন দায়িত্বশীল রক্ষক ও অবিভাবকের ভূমিকা পালন করতেন।

২০১৬ সালের ১২ মার্চ রাজধানীতে মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।

এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।

ভাঙনের পর নিবন্ধিত জাসদ কোনটি হবে এবং দলটির প্রতীক মশাল কারা পাবে, তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন পক্ষের শুনানি নেয়।

প্রতীক নির্ধারণের সে শুনানিতে মোহাম্মদ ইদ্রিসুর রহমান প্রধান কৌসুঁলির দায়িত্ব পালন করেছিলেন।