লামায় এশিয়ান কালো ভালুকের ছানা উদ্ধার
বান্দরবানের লামা উপজেলায় একটি আশ্রমের কাছে পাওয়া গেছে একটি এশিয়ান কালো ভালুকের ছানা।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, কয়েকদিন আগে পাঁচ-ছয় মাস বয়সী দলছুট ওই ভালুকটি ইয়ংছা মৌজার জিনামেজু আশ্রমের আশপাশে ঘোরাফেরা করছিল।
“এ সময় একটি কুকুর সেটিকে তাড়া করে। তাড়া খেয়ে ভালুক ছানাটি গাছে উঠে যায়। পরে স্থানীয় লোকজন গাছ থেকে নামিয়ে ছানাটিকে আশ্রমে নিয়ে রাখে।”
পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আশ্রমে গিয়ে বুধবার ভালুক ছানাটিকে নিজেদের জিম্মায় নেন।
এস এম কায়চার জানান, ছানাটি ভালো আছে। তাকে ভাত ও মিষ্টি কুমড়া খেতে দেওয়া হচ্ছে।
ভালুক ছানাটিকে কক্সবাজারের চকরিয়ায় ডুলহাজরা বঙ্গুবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।
তিনি বলেন, “যেহেতু এটি দলছুট হয়ে গেছে এবং বয়স কম, তাই বনে ছেড়ে দিলে বিপদে পড়তে পারে।”
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার তাদের রেড লিস্টে এশিয়ান কালো ভালুককে 'ভালনারেবল' হিসেবে চিহ্নিত করেছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বনে এরা এখনও টিকে আছে। তবে অব্যাহতভাবে বন ধ্বংস হওয়ায় এশিয়ান কালো ভালুক বাসস্থান ও খাদ্য সঙ্কটে পড়ছে।
