২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নাইটভিশন প্রযুক্তির ৩টি হেলিকপ্টার পাঠাল বিমান বাহিনী

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 12:31 AM

Updated : 18 Aug 2022, 03:16 PM

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন তিনটি আর্মড ভার্সন এমআই১৭১এসএইচ হেলিকপ্টার পাঠিয়েছে।

শনিবার ভোরে এসব অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, যন্ত্রপাতি ও দুইজন বিমানসেনা নিয়ে জাতিসংঘের ভাড়া করা বিমান আন্তনভ-১২৪ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আইএসপিআর জানিয়েছে, গত ২৯ মে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৩ জন সদস্যের একটি কন্টিনজেন্টকে জাতিসংঘের ভাড়া করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের মাধ্যমে মিশন অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

এটি ছিল ইউএন পিসকিপিং ক্যাপাবিলিটিজ রেডিনেস সিস্টেম (পিসিআরএস) পরিচালিত র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেল-আরডিএলের আওতায় মোতায়েন করা প্রথম কন্টিনজেন্ট।

বাংলাদেশ জাতিসংঘের প্রথম সদস্য দেশ হিসেবে স্বল্পতম সময়ের মধ্যে আরডিএলের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কন্টিনজেন্ট পাঠিয়েছে।

আইএসপিআর বলছে, “বাংলাদেশের এই দৃঢ় প্রচেষ্টা বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছে।

“বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিক-এ কন্টিনজেন্ট প্রেরণ করেছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী ৩টি অত্যাধুনিক নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার ও যন্ত্রপাতি মধ্য আফ্রিকান রিপাবলিকে প্রেরণ করে।”

আইএসপিআর বলছে, এই হেলিকপ্টারগুলো মধ্য আফ্রিকান রিপাবলিকে অবস্থিত বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটে যুক্ত হবে।

“উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশক্তি নিয়ে উক্ত হেলিকপ্টার ইউনিট মধ্য আফ্রিকান রিপাবলিকের সংকট নিরসনের জন্য মিনুসমা ম্যান্ডেটের সমর্থনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।”

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গত ২৮ মে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় ব্রিফ করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।