‘স্বেচ্ছাচারিতার’ প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে: টিআইবি
অনিয়ম-দুর্নীতির `বিচার না করে’ মতপ্রকাশের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে `হামলা, মামলা, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
‘নিবর্তনমূলক’ আইনের ব্যবহার করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন,”নাগরিকের বাকস্বাধীনতা ও তথ্যপ্রকাশ এবং জানার অধিকার খর্ব করা হচ্ছে, যা নিবর্তনমূলক ও সংবিধান পরিপন্থি, অনেককে অন্যায্য মামলায় নিগৃহীত করে কারাগারেও পাঠানো হয়েছে।
”যা শুধু স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি নয়, বরং এতে দেশে স্বেচ্ছাচারিতার প্রাতিষ্ঠানিকীকরণ ও স্বাভাবিকতায় রূপান্তর করা হচ্ছে।”
করোনাভাইরাসের মহামারী শুরুর পর দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মোট ৬৭টি মামলার মধ্যে ৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুজব ও মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট, সাংবাদিকসহ ৭৯টি ঘটনায় মোট ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনায়, বিশেষ করে চলমান মহামারিতে সেবাপ্রদান, ত্রাণ বিতরণ ও নানা বিষয়ে অনিয়মের সংবাদ সংগ্রহ বা প্রকাশ, তথ্যপ্রচার, মতপ্রকাশ, এমনকি কার্টুন প্রকাশের কারণে ‘নানা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে’ সারাদেশে সাংবাদিক, শিক্ষক, লেখক, কার্টুনিস্ট, সমাজকর্মী, এমনকি স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে ‘নিবর্তনমূলক হামলা, মামলা, চাকুরিচ্যুতি ও হয়রানির’ ঘটনা ঘটেছে।
“সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা কাজ দিয়ে সমালোচনার জবাব দিন, প্রকাশিত তথ্যকে গুরুত্ব দিয়ে অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ করুন। তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ করে, বা ভিন্নমত দমন করে অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতার পথে হাঁটবেন না।”
অবিলম্বে এ ধরনের ‘উদ্দেশ্যপ্রণোদিত ও নিবর্তনমূলক’ মামলা প্রত্যাহার এবং অন্যায্যভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার পাশাপাশি দুর্নীতি-অনিয়মের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ‘নির্মোহ ও যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়ার দাবি জানান ইফতেখারুজ্জামান।
নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের অন্তর্ধান রহস্যের সমাধান না করে উল্টো ‘নিজ দেশে অবৈধ অনুপ্রবেশের দৃশ্যত বানোয়াট মামলায়’ তাকে গ্রেপ্তার এবং ‘অমানবিকভাবে হয়রানির’ সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, “সংবাদ প্রকাশের অভিযোগে একজন নাগরিকের বিরুদ্ধে মামলা করাটাই যেখানে নিবর্তনমূলক, সেখানে এ ধরনের মামলার সূত্রে আটকদের নিগৃহীত করা নাগরিক অধিকারের চূড়ান্ত অবমাননা।
”অনিয়ম-দুর্নীতির বিষয়ে তথ্যপ্রকাশকারীর সুরক্ষা নিশ্চিত করে প্রকাশিত তথ্য যাচাইপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যেখানে রাষ্ট্রের দায়িত্ব, তা না করে উল্টো তথ্যপ্রকাশকারীর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন আসা অস্বাভাবিক নয় যে, রাষ্ট্র কী তবে অনিয়ম, দুর্নীতির তথ্য উদ্ঘাটনে নিরুৎসাহিত করছে? দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে? না-কী দুর্নীতির বিচারহীনতা নিশ্চিতের প্রয়াসে লিপ্ত রয়েছে!”
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “রাষ্ট্রের উচিৎ ছিল এমন পরিবেশ তৈরি করা- যাতে গণমাধ্যম স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তথ্যপ্রকাশ করতে পারে।
”কারণ তথ্যের স্বাভাবিক প্রকাশ বা প্রবাহে ঘাটতি পড়লে গুজব ও আস্থাহীনতার বিকাশ ঘটবেই। বাস্তব তথ্যের সাথে নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রকাশিত তথ্যের যত বেশি ফারাক হবে, তত বেশি আতঙ্ক সৃষ্টি হবে, সঙ্কট বাড়বে এবং ভুল পরিকল্পনার আত্মঘাতী ঝুঁকি তৈরি হবে।”
