২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রহী প্রবাসীদের পর্যায়ক্রমে ফেরানো হবে, সৌদিকে জানাল বাংলাদেশ

করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ থাকার মধ্যে সৌদি আরব থেকে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 06:32 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

কোয়ারেন্টিন সুবিধা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে জানিয়েছেন তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোববার এক ফোনালাপে এ বিষয়ে মতৈক্য হয়েছে।

সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফেরত আনার ক্ষেত্রে আটকেপড়া উমরা হজ পালনকারী, সে দেশে অধ্যয়নরত শিক্ষার্থী ও নারীকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Image
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

করোনাভাইরাস মহামারীতে সৌদি আরবসহ বহু দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে সৌদি আরবে বসবাসরত এবং উমরাহ করতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলেও তা পারছেন না।

বিমান চলাচল বন্ধের মধ্যে মার্চ ও এপ্রিলে সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে ৭৬৬ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছিল।

মানুষের আগ্রহ বিবেচনায় নিয়ে আগামী ২০ জুন রিয়াদ থেকে বিমান বাংলাদেশের একটি এবং ১ জুলাই জেদ্দা থেকে আরেকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার।

এ দুই ফ্লাইটে মোট ৮০০ যাত্রীকে ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

প্রবাসীদের ফেরানোর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেওয়ার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় করোনাভাইরাস মহামারী পরবর্তী পরিস্থিতিতে সৌদি আরবের কৃষি উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগানোর অনেুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, “কৃষি উৎপাদনে সৌদি আরবের কোম্পানি সেদেশের বাইরে অন্য দেশেও বাংলাদেশের দক্ষ কৃষি শ্রমিকদের কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।”

সৌদি আরবে অন্য খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কৃষি খাতে কাজে লাগানো যেতে পারে বলেও পররাষ্ট্রমন্ত্রী ফয়সালকে পরামর্শ দেন মোমেন।

বাংলাদেশের কৃষি শ্রমিক এবং তথ্য প্রযুক্তি খাতে দক্ষদের কাজে লাগানোর বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী উৎসাহ দেখিয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবকে বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানির আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “এক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ প্রকল্প স্থাপন করা যেতে পারে।”