২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ অনলাইনে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে যে প্রশিক্ষণ দেওয়া হত, কোভিড-১৯ সংক্রমণের মধ্যে তা অনলাইনে আয়োজন করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 05:21 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

Image
করোনাভাইরাস মহামারীর মধ্যে স্কুল বন্ধ থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে সংসদ টিভিতে, এখন শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্কুল বন্ধ থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে সংসদ টিভিতে, এখন শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “শিক্ষকদের ট্রেনিংগুলো অনলাইনে দিতে চাচ্ছি। যারা নতুন নিয়োগ পেয়েছেন তাদেরসহ অন্য শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণও অনলাইনে দেওয়া হবে।

“শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের আওতায় আনতে কাজ চলছে। একটু গুছিয়ে নেওয়ার পর আমরা এটা শুরু করব।”

নভেল করোনাভাইরাস সংকটের কারণে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আগামী ৬ অগাস্ট নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণ দেওয়া হলেও কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে তা বন্ধ আছে।

প্রাথমিকের মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, আগে সারা বছরই শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলত। এখন শিক্ষকদের পিটিআইতে আনা যাচ্ছে না। ফলে অনলাইনে তাদের সেই প্রশিক্ষণ দেওয়া হবে।

অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে সেখানে কোন শিক্ষক কতটুকু সময় অংশ নিলেন সেসব বিষয় তদারকি করা হবে বলেও জানান তিনি।

আগে প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা যে গ্রেডে বেতন পেতেন, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের বেতন হত তার নিচের গ্রেডে।

গত ৯ ফেব্রুয়ারি সরকার প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় শিক্ষদের বেতন ত্রয়োদশ গ্রেডে নির্ধারণ করেছে। তবে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক।

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দুটি ফেইসবুক পেইজে যুক্ত হতে ১৪ জুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সব প্রধান শিক্ষকদের ওই দুটি ফেইসবুক পেইজে যুক্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে।

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে গত ৭ এপ্রিল প্রাথমিকের ক্লাস সংসদ টিভিতে হচ্ছে।

পুরনো খবর:

প্রাথমিকের ক্লাসও টিভিতে