২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকপ্রতি ধান কেনার সীমা দ্বিগুণ বেড়ে ৬ টন

চলতি মৌসুমে সরকারিভাবে মজুদের জন্য একজন কৃষকের কাছ থেকে বোরো ধান কেনার সীমা দ্বিগুণ করে সর্বোচ্চ ছয় মেট্রিক টন নির্ধারণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 04:22 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা সংশোধন করে রোববার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে পাঠিনো এক চিঠিতে খাদ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান কেনার সুযোগ ছিল।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা ২০১৭ এর ৯(খ) অনুচ্ছেদে একজন কৃষকের নিকট থেকে খাদ্যশস্যে ক্রয়ের বিষয়ে বলা আছে- অধিক সংখ্যক কৃষককে সুযোগ দিতে উপজেলা কমিটি একজন কৃষকের নিকট থেকে সর্বনিম্ন তিন বস্তা পরিমাণ অর্থাৎ ১২০ কেজি ধান ও ১৫০ কেজি গম এবং সর্বোচ্চ ৩ মেট্রিকটন পর্যন্ত ধান/গম সংগ্রহ পরিমাণ নির্ধারণ করতে পারবে। নির্ধারিত পরিমাণ ধান/গম একজন কৃষক কিস্তিতে বিক্রি করতে পারবেন। তবে কোনো কিস্তি তিন বস্তার কম হবে না।

“বর্তমান বোরো সংগ্রহ মৌসুমের ক্ষেত্রে ওই অনুচ্ছেদে বর্ণিত ধান ক্রয়ের উর্ধ্বসীমা তিন মেট্রিকটনের পরিবর্তে ছয় মেট্রিক টন নির্ধারণ করা হল।”

মাঝারি ও উচ্চ শ্রেণির কৃষকের প্রকৃত তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ছয় মেট্রিক টন ধানের পাশাপাশি গমও সংগ্রহ করা যাবে বলে চিঠিতে বলা হয়েছে।

“তবে কোনোক্রমেই ব্যবসায়ী/ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী কারো কাছ থেকে ধান সংগ্রহ করা যাবে না।”

চলতি রোবো মৌসুমে সরকারিভাবে আট লাখ মেট্রিকটন ধান এবং ১০ লাখ টন সিদ্ধ চাল এবং দেড় লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে বোরো ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। বোরোর ধান-চাল সংগ্রহ শেষ হবে ৩১ অগাস্ট।

এবার ২৬ টাকা কেজি দরে বোরো ধান, ৩৬ টাকা কেজিতে সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে বোরোর আতপ চাল কেনা হচ্ছে।