কামরানের মৃত্যুতে স্পিকারের শোক
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এক শোকবার্তায় স্পিকার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলাদা বার্তায় শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে কামরানের মৃত্যু হয় বলে তার ছেলে আরমান আহমেদ শিপলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।
শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।
