সুস্থ থাকতে পুলিশের যোগব্যায়াম
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যরা; এই সময় শারীরিক ও মানসিক সুস্থতায় যোগ ব্যায়ামে ঝুঁকেছেন তারা।
শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে একটি যোগাসন সেশন আয়োজিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুইশ সদস্য এই অনুশীলনে অংশ নেন।
এই আয়োজন নিয়ে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (ফোর্স) কে এন রায় নিয়তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনার স্যারের নির্দেশনা ও ডিসি (কল্যাণ ও ফোর্স) স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়।
“ইয়োগা সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।”
কে এন রায় নিয়তি বলেন, “পর্যায়ক্রমে সকলে এই ইয়োগা সেশনে অংশগ্রহণ করে ইয়োগার বিভিন্ন কলা-কৌশল এখান থেকে রপ্ত করে নিয়মিত সে চর্চা করবে।”
‘সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য চাই যথাযথভাবে ইয়োগা অনুশীলন’ শ্লোগান নিয়ে ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানে পুলিশের মাঠে গত ৭ জুন থেকে যোগ অনুশীলন শুরু করেছেন ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে মাঠে পর্যায়ে দায়িত্বরত পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক সদস্য এই রোগে আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত এই বাহিনীতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭০ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৬০ জন, মারা গেছেন ২২ জন।
