২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ফি দিয়ে পাওয়া যাবে পছন্দসই গাড়ির নম্বর 

প্রচলিত রেজিস্ট্রেশন ফির দুই থেকে সাত গুণ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিয়ে পছন্দমতো নম্বর নেওয়ার সুযোগ পেলেন মোটরকার ও জিপ গাড়ির মালিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 10:45 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীনে বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত এ আইনের ক্ষমতাবলে সরকার মোটরযান রেজিস্ট্রেশনের সময় মোটরকার ও জিপের মালিকদের পছন্দমতো নম্বর দেওয়ার ক্ষেত্রে ফি’র হার নির্ধারণ করে দিয়েছে।

প্রজ্ঞাপনে পছন্দমতো নম্বর পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেওয়া হয়-

>> রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট একই হলে (যেমন: ৫৫-৫৫৫৫, ৬৬-৬৬৬৬ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র ৬ গুণ হবে। তবে শুধু ৭৭-৭৭৭৭ নম্বরের ক্ষেত্রে ফি হবে প্রচলিত ফি’র ৭ গুণ।

>> রেজিস্ট্রেশন নম্বরের ৬টি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ৩৪-৩৪৩৪, ৪৫-৪৫৪৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি হবে প্রচলিত ফি’র পাঁচগুণ।

>> রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট একই হলে (যেমন: ১১১১, ২২২২ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফি’র চার গুণ হবে।

>> রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিট জোড়া জোড়া হলে (যেমন: ১৩১৩, ১৫১৫ নম্বর) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির তিনগুণ হবে।

>> রেজিস্ট্রেশন নম্বরের চারটি ডিজিটের দুটি করে ডিজিট একই হলে (যেমন: ০০১১, ০০২২) রেজিস্ট্রেশন ফি প্রচলিত ফির দ্বিগুণ হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে এক বৈঠকে শেষে নিলামের মাধ্যমে যানবাহনের পছন্দের নম্বর প্লেট বিক্রি করে রাজস্ব আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নম্বর প্লেট নিলামের বিষয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, “বিদেশে দেখি যে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেট অকশন হয় এবং প্রচুর টাকা আয় করে।”