২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি: ৫ আসামির জামিন বাতিল, আইনজীবীকেও নোটিস

স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অভিযোগপত্র দাখিলসহ একটি হত্যা মামলার আরও কিছু তথ্য গোপন করে মাস খানেক আগে যে ৫ আসামি হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন সেই জামিন বাতিলের পাশাপাশি তাদের আইনজীবীকেও কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 08:10 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তথ্য গোপন ও জালিয়াতির বিষয়টি নজরে আনার পর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার আসামিদের জামিন বাতিল করে।

আদেশে আদালত পাঁচ আসামিকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করতে খুলনার এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনার দিঘলিয়ার টিপু শেখ হত্যা মামলার এই পাঁচ আসামি হলেন- সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।

গত ১৮ মে এই বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চ থেকেই পাঁচ আসামির জামিন হয়েছিল। সেদিন এই পাঁচ আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আবু হেনা মোস্তফা কামাল।

এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ আসামির আইনজীবী আবু হেনা মোস্তফা কামালকে এই ভার্চুয়াল কোর্টে আর কোনো মামলা পরিচালনা করতে নিষেধ করা হয়েছে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।” 

তিনি বলেন, এই মামলায় জামিনপ্রাপ্ত পাঁচ আসামিই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এমনকি মামলার অভিযোগপত্রও দাখিল হয়ে গেছে।

“এসব তথ্য গোপন করে এবং মামলার জাল বানোয়াট এজাহার দাখিল হাই কোর্ট থেকে তারা অন্তবর্তী জামিন নিয়েছিল।”

বশির উল্লাহ বলেন, “সম্প্রতি বাদী পক্ষের আইনজীবী সুলতান মাহমুদের কাছ থেকে আমরা জানতে পারি বিষয়টা। পরে ওই আইনজীবী মামলার এজাহারটি পাঠালে জালিয়াতির বিষয়টা ধরা পড়ে। যে এজাহারটি দাখিল করে জামিন নিয়েছে তার সাথে মামলার এজাহারটির কোনো মিল নেই।”

জানতে চাইলে আসামিদের আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ বেলা সাড়ে ১২টায় আমাকে ভার্চুয়াল কোর্টে থাকতে বলা হয়েছিল। গ্রামের বাড়িতে আসার কারণে আমি কোর্টে যুক্ত হতে পারিনি। পরে অবশ্য আদেশটি জানতে পেরেছি।”

তথ্য গোপন করে বা ভূয়া কাগজপত্র দিয়ে জামিন করিয়েছিলেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “মামলার কাগজপত্রগুলো ঠিক কি না, তা তো পরীক্ষা করেই অ্যাফিডেবিট করা হয়েছিল। তারপরেও যে এসব কাগজপত্র ভুয়া এটা প্রমাণের দায়িত্ব কে নেবে? আসলে আমি বুঝতেই পারিনি।”

আদালতের আদেশের বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান এই আইনজীবী।

গত বছর ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার পরবিলার টিপু শেখকে অতর্কিত হামলা করে খুন করা হয়। পরে তার ছেলে আলমগীর শেখ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় খুলনার দিঘলিয়া থানার পরবিলার টিপু শেখকে গাজীরহাট বাজারের পাশে কাঁঠালতলা ভ্যান স্ট্যান্ডে দিনের বেলায় ৩২ আসামিসহ অজ্ঞাতনামা অজ্ঞাত ৮/১০ জন আসামি অতর্কিত হামলা করে। আসামীরা টিপু শেখের মৃত্যু নিশ্চিত ভেবে উল্লাস করে চলে যান। পরে চিকিৎসার জন্য টিপু শেখকে খুলনা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

মামলার এজাহারে উল্লিখিত ৩২ আসামির মধ্যে রয়েছেন সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আব্দুল্লাহ মোল্লা।

গত বছর ২১ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।