ছয়দিন অপেক্ষার পর অক্সিজেন সিলিন্ডার ছাড়াই নেমে এলেন রোগী
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শ্বাসকষ্ট ছিল। চিকিৎসক সিটি স্ক্যান আর ইসিজি করার পরামর্শ দিলেও একটি অক্সিজেন সিলিন্ডারের অভাবে ছয়দিন অপেক্ষা করতে হয়েছে তাকে।
অবশেষে শ্বাসকষ্ট কমে আসায় অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মঙ্গলবার ঢাকা মেডিকেলের অষ্টম তলা থেকে নিচে নেমে পরীক্ষা করিয়েছেন তিনি।
তালহা নামের ওই রোগী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের ৮০২ নম্বর ওয়ার্ডে তিনি ভর্তি হন গত ২ জুন। শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসক জরুরিভিত্তিতে সিটি স্ক্যান ও ইসিজি করাতে বলেছিলেন।
“কিন্তু ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন থাকায় বের হতে হলে অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।”
তিনি জানান, একটি সিলিন্ডার সংগ্রহ করা হলেও সেটি নষ্ট থাকায় নিচতলায় নামতে পারেননি। ছয়দিন ধরে সেন্ট্রাল অক্সিজেন লাগিয়ে ওয়ার্ডেই ছিলেন।
“মঙ্গলবার শ্বাসকষ্ট কমে যাওয়া নিচে নেমে পরীক্ষা করিয়েছি। এখন অক্সিজেন ছাড়াই থাকতে পারছি।”
সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে জানিয়ে হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, “শ্বাসকষ্ট কমার পরই পরীক্ষা করা উচিত। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়।”
ওয়ার্ড মাস্টার আবুল বাশার বলেন, “হাসপাতালে অনেক সিলিন্ডার মজুদ আছে। যদি সেন্ট্রাল অক্সিজেনে সমস্যা হয়, তখন এগুলো ব্যবহার করা হবে। কিছু কিছু ওয়ার্ডে অতি জরুরিভিত্তিতে কিছু সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।”
বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ও আক্রান্ত মিলিয়ে সাড়ে চারশর বেশি মানুষ ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।
