সঙ্কটের কালে বসছে বাজেট অধিবেশন
করোনাভাইরাস মহামারীর মধ্যে বুধবার বিকেলে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু ব্যবস্থা।
বৃহস্পতিবার বিকালে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
বিশেষ পরিস্থিতিতে বসতে যাওয়া এই অধিবেশনে দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।
রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী- এসএসএফের সুপারিশ অনুযায়ী সংসদ অধিবেশনে কাজ করবেন এমন কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে ইতোমধ্যে। তাতে ৪৩ জনের সংক্রমণ ধরা পড়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিবেশন কক্ষের ভেতরে স্বাস্থ্য সুরক্ষার জন্য বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে।
সেক্ষেত্রে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীকে আরো এক সারি পিছনে এবং প্রধানমন্ত্রীর ডান পাশের আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীসহ অন্যদের আরো কয়েক আসন দূরে বসানোর ব্যবস্থা করা হবে।
এমনিতে প্রধানমন্ত্রীর ঠিক পাশেই বসেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বয়স বিবেচনায় এবারের বাজেট অধিবেশনে তিনি যোগ দেবেন না।
আসন বিন্যাস এবং তালিকা করে সংসদ সদস্যদের উপস্থিতি ঠিক করতে প্রধান হুইপের নেতৃত্বে হুইপরা ইতোমধ্যে একদফা বৈঠক করেছেন। কোন দিন কোন কোন সদস্য অধিবেশনে যোগ দেবন, তার তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে সেই বৈঠকে।
সংসদ সচিবালয়ের আইন শাখার উপ-সচিব নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন বিন্যাসের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি অবশ্যই নিশ্চিবত করা হবে।”
এদিকে বাজেট অধিবেশন চলার সময় বরাবরের মতোই জাতীয় সংসদ ভবন এলাকায় চলাচল নিয়ন্ত্রিত হবে।
বুধবার বিকাল ৫টায় অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন এবং শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ করা হবে।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।
পরদিন বৃহস্পতিবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। অর্থমন্ত্রীর বাজেট পেশ ও অর্থ বিল উত্থাপনের মধ্য দিয়ে শেষ হবে দিনের কার্যক্রম।
সেদিন অধিবেশনের আগে সংসদে বসবে মন্ত্রিসভার বৈঠক। গত অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদনের পর তা পাঠানো হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই সময় সংসদ ভবনেই অবস্থান করবেন। পরে রাষ্ট্রপতি তার গ্যালারিতে বসে অধিবেশন দেখবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য অর্থমন্ত্রীসহ তিনজন সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যাবেন।”
সংসদ ভবনে রাষ্ট্রপতি ঢোকার সময় বিউগল বাজানো থেকে যেসব আনুষ্ঠানিকতা থাকে এবার তাও থাকছে না। লোক সমাগতম কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বঙ্গভবনের এক কর্মকর্তা জানিয়েছেন।
বাজেট উত্থাপনের পর ১২ ও ১৩ জুন অধিবেশন মুলতবি রাখা হবে। ১৪ এবং ১৫ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে সম্পূরক বাজেট পাস করা হবে।
পরদিন শুরু হবে প্রস্তাবিত সাধারণ বাজেটের ওপর আলোচনা। ১৬ ও ১৭ জুন দুইদিন আলোচনা করে ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি থাকতে পারে।
এরপর ২২ জুন থেকে ২৪ জুন আরও তিন দিন বাজেটের ওপর আলোচনা করে ২৫ জুন থেকে ২৮ জুন চার দিনের বিরতি দেয়া হতে পারে।
২৯ জুন সোমবার বাজেটের উপর সমাপনী আলোচনা হবে। সেদিনই পাস হবে অর্থবিল।
পরদিন ৩০ জুন মূল বাজেট এবং নির্দিষ্টকরণ বিল পাস হবে। এরপর আরেকটি বিরতি দিয়ে ৮ বা ৯ জুলাই একদিনের জন্য অধিবেশন বসে সেদিনই অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে বলে জানা গেছে সংসদ সচিবালয় থেকে প্রকাশিত অধিবেশনের ক্যালেন্ডার থেকে।
প্রতিবার অধিবেশনের আগে মেয়াদ ও কার্যক্রম ঠিক করতে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। তবে গত সপ্তম অধিবেশনের মত এবারও তা হবে না।
একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার্যউপদেষ্টা কমিটির অধিকাংশ সদস্য বয়ঃজ্যেষ্ঠ। সে বিবেচনায় বৈঠক হচ্ছে না।”
সংবিধানের নিয়ম রক্ষায় গত ১৮ এপ্রিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশনে বসে জাতীয় সংসদ। যেখানে আইনপ্রণেতাদের বসানো হয় দূরত্ব বজায় রেখে। ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১৩৫ জন অংশ নেন মাস্ক, গ্লাভস পরে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, এবারের বাজেট অধিবেশন সব মিলিয়ে ১২ থেকে ১৫ কার্যদিবস চলতে পারে।
১১ জুন বাজেট পেশের পর ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট নিয়ে আলোচনা হবে ৬ দিন। আর চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে দুই দিন। সব মিলিয়ে বাজেটের উপর ২০ থেকে ২২ ঘণ্টা আলোচনা হবে।
সংসদের আইন শাখার প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে, চলবে দেড়টা পর্যন্ত।
সচরাচর বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশনে সম্পূরক বাজেটের উপর দুই থেকে চার দিন এবং সাধারণ বাজেট এবং উপর ১২ থেকে ১৫ দিন আলোচনা হয়। বাজেট নিয়ে ৫০ থেকে শুরু করে ৬৫ ঘণ্টা আলোচনার রেকর্ড রয়েছে। ১৯৯৮ সালের বাজেট অধিবেশন চলেছিল ২০ কার্যদিবস।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার অধিবেশনে বয়স্ক সংসদ সদস্যদের অংশ না নিতে অনুরোধ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে যাতে বসতে পারে সেজন্য ৮০-৯০ জন সংসদ সদস্য নিয়ে প্রতিদিন সংসদ চালানো হবে।”
সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে বৈঠকের কোরামের জন্য ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক।
দীর্ঘদিন ছুটি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় থেকে সংসদ সদস্যদের করা প্রশ্নের উত্তর আনা সম্ভব হবে না বলে এবার প্রশ্নোত্তর পর্বও রাখা হচ্ছে না।
সরকারি দলের একজন হুইপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রী-এমপিদের মধ্যে যার যেদিন সুনির্দিষ্ট বিষয়ে কার্যকম থাকবে সেদিন তার উপস্থিতি নিশ্চিত করা হবে। কোরাম নিশ্চিত করে অন্যদের নিরুৎসাহিত করা হবে।
