ঢাকায় বদ্ধ ঘরে গৃহবধূর লাশ, স্বামী পলাতক
ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি টিনশেড ঘরে তালা ভেঙে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে ইসরাত জাহান (২২) নামে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার স্বামী সবুজপলাতক।
পুলিশের ধারণা, সবুজই শনিবার রাতের কোনো এক সময় তার স্ত্রীকে হত্যা করে দরজার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
ঢাকা উদ্যানের ১নম্বর সড়কের ৪৩/এ নম্বরের বাড়ির একটি ঘরের তালা ভেঙে বিছানায় কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক তাহমিনা আকতার বিডিনিউজ টোয়েফোরডটকম ডটকমকে জানান, প্রায় তিন মাস আগে সবুজ- ইসরাত দম্পতি তিন হাজার টাকায় একটি কক্ষ ভাড়া নেয়।
শনিবার রাত ৮টার পরে চলতি মাসের ভাড়া চাইতে গিয়েছিলেন তাহমিনা। পরে দেবে শুনে তিনি ফিরে আসেন। সকালে ওই কক্ষে তালা দেখে তিনি ভাবছিলেন, তারা হয়ত বাইরে।
তাহমিনা বলেন, “দুপুরে সবুজের বাবা পরিচয় দিয়ে হঠাৎ একটি ফোন আসে। তিনি বলেন, ইসরাত খুন হয়েছে, লাশ ঘরে আছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অনুরোধ করে।”
এরপর তাহমিনা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।
লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও মুখে ফেনা এবং পাশে বমি ছিল বলে জানান তিনি।
মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করেছে। তবে বিষ খাইয়ে না শ্বাসরোধ করে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।”
সবুজ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বিপণনের পাশাপাশি রাস্তার পাশে বসে মোবাইল সিম বিক্রি করতেন।
পুলিশ কর্মকর্তা কিবরিয়া বলেন, সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
“তাছাড়া সবুজের বাবার ফোন করে ধামাচাপা দেওয়ার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।”
