ঈদ উপলক্ষে কওমী মাদ্রাসাগুলোতে সাড়ে ৮ কোটি টাকা অনুদান
ঈদ উপলক্ষে সারা দেশের ৬ হাজার ৯৭০টি কওমী মাদ্রাসায় ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার জানানো হয়েছে, আগের দিন জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এই অর্থ পাঠানো হয়েছে।
এর আগে রোজা উপলক্ষে এই মাসেই এসব মাদ্রসায় আর্থিক সহায়তা হিসেবে আট কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে রংপুর বিভাগের ৮৩৯টি কওমী মাদ্রাসায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা, রাজশাহী বিভাগের ৬৬২টি কওমী মাদ্রাসায় ৭৪ লাখ ৩৫ হাজার টাকা, খুলনা বিভাগের ৪৩১টি কওমী মাদ্রাসায় ৫৫ লাখ ৮০ হাজার টাকা, বরিশাল বিভাগের ২০২টি কওমী মাদ্রাসায় ২৬ লাখ ৩৫ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি কওমী মাদ্রাসায় ১ কোটি ৩১ লাখ ৫ হাজার টাকা, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি কওমী মাদ্রাসায় ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি কওমী মাদ্রাসায় ১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি কওমী মাদ্রাসায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মাদ্রাসার ছাত্র সংখ্যা ১০০ অথবা তার কম হলে ১০ হাজার টাকা, ছাত্র সংখ্যা ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ ও তার অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
