২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ সঙ্কট পরবর্তী চলার প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান

নতুন করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে বিশ্ব যখন আবার সচল হবে, সেই পরিস্থিতিতে মানিয়ে চলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 10:02 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

রোবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ পরামর্শ দেওয়া হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেড় মাসের সাধারণ ছুটির মধ্যে এটাই কোনো সংসদীয় কমিটির প্রথম বৈঠক।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন পরিবেশে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহের একটি রূপরেখা উপস্থাপন করা হয় বলে সংসদ সচিবালয় জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে মনে হয়েছে করোনার বর্তমান অবস্থা আগামীতেও চলবে। জনজীবন আগের মতো স্বাভাবিক আর হবে না। নতুন ধরনের একটি জীবন হবে। সেটার সঙ্গে আমাদের মানিয়ে চলতে হবে। সেই ভাবে প্রস্তুতি নিতে হবে।

“আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে স্টাডি করতে বলছি। নতুন পরিবেশে চলার প্রস্তুতি নিতে বলেছি।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে মহামারীকালে পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব সেবা প্রদান করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোন কোন দেশকে কী কী সাহায্য করেছে, আর কোন কোন দেশ হতে কী সাহায্য পেয়েছে, সে বিষয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করা হয়।

এতে বাংলাদেশ থেকে বিদেশিদের ফেরত পাঠানোর ব্যবস্থাসহ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়টিও জানানো হয়।

এসময় করোনা ভাইরাসযুক্ত নতুন পরিবেশে কিভাবে নতুন প্রেক্ষাপটে এ পরিবেশের সাথে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করা যায় তার একটি রূপরেখা তুলে ধরা হয়।

নতুন প্রেক্ষাপটে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বের সাথে যোগাযোগ রেখে অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে বাংলাদেশে তৈরী পণ্য রপ্তানীর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান কার্য়ক্রমের উপর সপ্তাহে একদিন ব্রিফিং সেশন আয়োজন করার সুপারিশ করা হয়।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন।