বন্দি শিশুদের মুক্তিকে স্বাগত ইউনিসেফের
কোভিড-১৯ মহামারীর মধ্যে বিচারের অপেক্ষায় আটক থাকা শিশুদের প্রথম দলের মুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শিশুকল্যাণ সংস্থা ইউনিসেফ।
নিয়মিত আদালতের কার্যক্রম ব্যাহত হওয়ার মধ্যে ইউনিসেফের সহযোগিতায় চালু ভার্চুয়াল শিশু আদালতে বুধবার সাত শিশুর জামিন মিলেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ বলছে, প্রথম দফায় ওই সাত শিশুর মুক্তির পথ অনুসরণ করে আগামী দুই সপ্তাহে বেশ কয়েকশ শিশু মুক্তি পেতে পারে।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি তোমো হোযুমিকে বলেন, “আমি সর্বান্তকরণে ভার্চুয়াল শিশু আদালত চালুর সিদ্ধান্তের প্রশংসা করছি এবং বন্দি দশা থেকে শিশুদের মুক্তি পাওয়াকে স্বাগত জানাচ্ছি।
“শিশুদের কল্যাণ ও সুরক্ষা অবশ্যই কোভিড-১৯ মোকাবেলায় আমাদের কার্যক্রমের কেন্দ্রে থাকবে। সব ক্ষেত্রেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা শিশুদের জন্য এই মহামারীকে একটি স্থায়ী সংকটে রূপ নেওয়া থেকে প্রতিরোধ করতে পারি।”
ছোটখাটো অপরাধের বিচার বা সাজার অপেক্ষায় থাকা এক হাজারের বেশি শিশু বর্তমানে তিনটি কেন্দ্রে আটক রয়েছে।
কেন্দ্রগুলোতে সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও লজিসটিকস সহায়তা, প্রয়োজনের তুলনায় অপ্রতুল পানি, পয়ঃনিষ্কাশন ও হাইজিন সুবিধা থাকার ফলে সেখানকার শিশু ও কর্মীদের সংক্রমণ ঝুঁকি কমাতে শারীরিক দূরত্ব বজায় রাখা বা সেলফ আইসোলেশনের পক্ষে খুবই কঠিন।
এসব কেন্দ্র সংক্রমণের হটস্পট হয়ে উঠতে পারে, যেখানে ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে।
গত ৯ মে ভার্চুয়াল আদালত চালুর জন্য অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি এবং ১২ মে বাংলাদেশে প্রথম ভার্চুয়াল শিশু আদালতের কার্যক্রম শুরু হয়।
এই আদালতের কার্যক্রম পরিচালনায় সমাজ সেবা অধিদপ্তর এবং কেন্দ্রগুলোতে কারিগরি সহায়তা দিচ্ছে ইউনিসেফ।
