ঢাকার খিলগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার খিলগাঁও মাদানী ঝিলপাড় এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
অন্তঃকোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
নিহতের নাম আবুল বাশার তালুকদার (৩২)। বাড়ি মাদারীপুরের সদরে। ঢাকার গোড়ান নবীনগর এলাকায় থাকতেন তিনি।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, “দুই গ্রুপের মধ্যে মাদক নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।”
তবে স্বজনদের দাবি, নিহত বাশার ওই এলাকায় ইট-বালু ঠিকাদারের কাজ করতেন।
মশিউর বলেন, “ইট-বালু সরবরাহ করত এটা আসলে ঠিক না। দুই পক্ষেই মাদকের সঙ্গে জড়িত। তাদেরকে ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।”
বাশারের স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের বলেন, মাদানী ঝিলপাড় এলাকায় ‘সাইফুল গ্রুপের’ কয়েকজন বাশারকে কুপিয়ে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে হত্যাকাণ্ড, তা স্বজনরা বলতে পারেননি।
ওসি বলেন, তারা মাদকের সঙ্গে জড়িত। তাদের নামে থানায় অনেক মামলা রয়েছে।
নিহত বাশারের নামে মাদক মামলা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রয়েছে।
