উপকূলে জেলে পরিবারের পাশে নৌবাহিনী
করোনাভাইরাস সঙ্কটে দেশের সমুদ্র ও উপকূলীয় দরিদ্র জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনীর ৭টি জাহাজ।
জাহাজের নৌসদস্যরা জেলে পরিবারগুলোর হাতে হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি এসব জেলে ও তাদের পরিবারের সদস্যদের জীবাণুনাশক, সাবান ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।
মঙ্গলবার আইএসপিআর জানায়, নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনে, বানৌজা শাহজালাল কক্সবাজারে, বানৌজা সাগর ও দূর্জয় ভাষানচরে, বানৌজা নিশান হাড়বাড়িয়ায় এবং বানৌজা কর্ণফুলী ও কপোতাক্ষ বরিশালে কাজ করে যাচ্ছে।
এসব জাহাজ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল প্রদানের পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলারগুলোকে মাইকিং করে সতর্ক করছে। এছাড়া টেকনাফ, স্বন্দীপ ও হাতিয়ার চরাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোর বাড়ি বাড়ি গিয়ে নৌসদস্যরা স্থানীয় অসহায় ও দুস্থ জেলে পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা করছে।
অন্যদিকে মংলা নৌ কন্টিনজেন্ট দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ, ছোলা, সুজি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে বলে আই্এসপিআর জানায়।
গত ২৪ মার্চ থেকে করোনাভাইরাসের বিস্তাররোধে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় মাঠে কাজ করছে।
