২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুরাও বুঝতে পারছে, পরিবার বড় সঙ্কটে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিবারকে কতটা সঙ্কটে ফেলেছে, ক্ষুদে মনের উপলব্ধিতেও তা আসছে বলে সেইভ দ্য চিলড্রেনের এক জরিপে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 06:40 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

সংস্থাটি পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারী ৬৪ শতাংশ শিশু বলেছে, তাদের পরিবার এখন কঠিন খাদ্যসঙ্কটে রয়েছে।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারী রূপ ধারণ করে বাংলাদেশেও সংক্রমণ ঘটানোর পর ছোঁয়াচে এই রোগের বিস্তার ঠেকাতে অবরুদ্ধ অবস্থা তৈরি করা হয়, যার ফলে অর্থনীতি স্থবির হয়ে অনেকের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সেইভ দ্য চিলড্রেন শহুরে বস্তি, চা বাগান এবং সুবিধা বঞ্চিত গ্রামাঞ্চলের ১০-১৮ বছর বয়সী ১২১ জন শিশুর সঙ্গে ফোনে কথা বলে এই জরিপ চালায়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফল জানানো হয়।

এতে বলা হয়, ৬৪ শতাংশ শিশু বলছে, তাদের পরিবারের উপার্জনক্ষম সদস্যরা আয়ের সুযোগ হারাতে থাকায় পরিবারের খাদ্য সুরক্ষা পরিস্থিতি `সঙ্কটজনক’ পর্যায়ে পৌঁছেছে।

জরিপে অংশ নেওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে সাহায্য পায়নি বলে জানিয়েছে।

সেইফ দ্য চিলড্রেন বলছে, “এই তথ্য থেকে অনুমান করা যায় যে, সাধারণ খাদ্য বিতরণসহ সাম্প্রতিক সময়ে সরকার ঘোষিত উদ্যোগগুলো সংখ্যাগরিষ্ঠের কাছে পৌঁছায়নি এবং বেসরকারি উদ্যোগগুলোও অপর্যাপ্ত।”

জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ শিশু বলেছে, তাদের স্কুল থেকে লেখাপড়ার কোনো খোঁজ নেওয়া হয়নি, ৯১ শতাংশের বাড়িতে পড়াশোনায় সাহায্য করার কেউ নেই এবং ২৩ শতাংশ বাসায় একেবারেই লেখাপড়া করছে না।

সাধারণত শিশুরা বাড়িতে যে ধরনের লাঞ্ছনাকর শাস্তির মুখোমুখি হয়, এই পরিস্থিতিতে তা বেড়েছে বলে ২১ শতাংশ জানিয়েছে। শারীরিক শাস্তি বেড়ে যাওয়ার কথা জানিয়েছে ৪৭ শতাংশ।

সেইভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড রাইটস গভর্ন্যান্স ও চাইল্ড প্রোটেকশন সেক্টরের এই যৌথ জরিপে অংশ নেওয়া শিশুর মধ্যে ৪০ শতাংশ ছেলে ও ৬০ শতাংশ মেয়ে, এর মধ্যে প্রতিবন্ধী শিশুও ছিল।

সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ বলছে, এই জরিপের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের উপর কোভিড-১৯ সঙ্কটের প্রভাব উন্মোচন করা এবং বিরূপ প্রভাবকে হ্রাস করার জন্য সরকারি সংস্থা ও এনজিওর কৌশল এবং কার্যক্রমকে শক্তিশালী করা।

সংস্থাটির শিশু সুরক্ষা ও শিশু অধিকার পরিচালনা সেক্টর পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই সঙ্কটটি শিশুদের শারীরিক এবং মনো-সামাজিক সুস্থতার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। আমরা এই সঙ্কট সম্পর্কে তাদের উপলব্ধি, মতামত পেতে সবচেয়ে প্রান্তিক শিশুদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।

“আমরা আশা করি এই জরিপটি শিশুদের উপর এই সঙ্কটের বিরূপ প্রভাব দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করবে।” 

সেইভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী ‘প্রোটেক্ট এ জেনেরেশন ফ্রম কোভিড-১৯’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে বলা হয়েছে  বিপর্যয় এড়াতে প্রয়োজন কমিউনিটি, জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ের সমন্বিত কিছু পদক্ষেপ।

এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে শিশু অধিকারভিত্তিক একটি জাতীয় রেসপন্স কৌশলকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছে সেইভ দ্য চিলড্রেন।