কোভিড-১৯: নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাচ্ছে ফজিলাতুন্নেসা হাসপাতাল
গাজীপুরের কাশিমপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় বলে হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক ডা. রাজিব হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে পাঠানো হচ্ছে। তারা ফলাফল সিভিল সার্জন অফিসে ও যাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে তাদের জানিয়ে দিচ্ছেন।
ডা. রাজিব বলেন, প্রতিদিন ১০০ জনের নমুনা নিচ্ছেন তারা। এখানকার বিভিন্ন কলকারখানার কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য এই সেবা উন্মুক্ত।
“অনেক কারখানার কর্মকর্তা-কর্মচারী যারা প্রতিষ্ঠানে যোগ দিতে চাচ্ছেন কিন্তু কোভিড-১৯ পরীক্ষা করা প্রয়োজন এমন মানুষেরও নমুনা নেওয়া হচ্ছে। এছাড়া অনেক কারখানা কর্তৃপক্ষও তাদের লোকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। আমরা লক্ষণ-উপসর্গ দেখে তার নমুনা নিচ্ছি।”
পরীক্ষা সুযোগ বাড়াতে আরটি পিসিআর গবেষণাগার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ডা. রাজিব হাসান। তাহলে কিছুদিন পর নিজেদের গবেষণাগারেই কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করতে পারবেন।
“আমরা চেষ্টা করছি দ্রুতই এটি স্থাপন করার। ল্যাব চালু করতে পারলে মানুষকে আরেকটু সহায়তা করা যাবে।”
মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ১৬ হাজার ৬৬০ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৪ গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
