২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিত মানুষকে সুরক্ষা সামগ্রী দিচ্ছে ‘ফ্রেন্ডশিপ’

কোভিড-১৯ প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে খাদ্য এবং সুরক্ষা সামগ্রী দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 04:27 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘কোভিড-১৯ প্রতিরোধে স্থাপনা ও সমাজিক প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় ‘ইউকে এইড’ এবং ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’ এর সহযোগিতায় চলতি বছরের এপ্রিল থেকে ফ্রেন্ডশিপ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে।

ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. কাজী গোলাম রসুল বলেন, ঢাকাসহ দেশের ১১ জেলার ১৫ উপজেলার ৪৭টি ইউনিয়নে চলছে তাদের এই বিশেষ কর্মসূচি।

এসব এলাকার ১০০০ পরিবারের মধ্যে ইতোমধ্যে সার্জিক্যাল মাস্ক, সাবান, ডিটারজেন্ট, বালতি, মগসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ৮০০ সেবাদানকারীর মধ্যে বিতরণ করা হয়েছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই।

এছাড়া সচেতনতা তৈরিতে বিভিন্ন জেলার ৬০০ স্থানে মাইকিং এবং ৩০ হাজার লিফলেট বিতরণ করেছেন ফ্রেন্ডশিপ কর্মীরা। সাঁটানো হয়েছে ১৮ হাজার সচেতনামূলক পোস্টার।

ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বলেন, “বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সাথে থেকে সব সময় কাজ করেছে ফ্রেন্ডশিপ। তাই দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই জনগণের সুস্বাস্থ্য নিয়ে সচেতন হয়েছি আমরা।”