ঢাকায় ২ কোটি টাকার নকল প্রসাধনী জব্দ
ঢাকার চকবাজার ও বেগমবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে দুই ট্রাক নকল প্রসাধনী জব্দ করেছে বিএসটিআই, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
বিএসটিআইয়ের নির্বাহী হাকিম বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে রোববার এই অভিযানে দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ইন্সটিটিউশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল, নিহার আমলা, নিহার ন্যাচারাল আমলা, জবা আমলা, ডাবর ভাটিকা আমলা, কুমারিকা হেয়ার অয়েলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে প্রায় ২ কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয় এ অভিযানে।
