২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজারা আয়ের ২৫% ত্রাণ দেবে উপজেলা পরিষদ

হাট-বাজার ইজারা দিয়ে দেশের উপজেলা পরিষদগুলো যে অর্থ আয় করে, তার ২৫ শতাংশ করোনাভাইরাস মহামারী মোকাবিলায় জরুরি ত্রাণ হিসেবে বিতরণের অনুমতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 01:52 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা পরিষদের সব চেয়ারম্যান এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই অনুমতির নির্দেশনা পাঠিয়েছে।

সেখানে বলা হয়েছে, “মহামারী কোভিড-১৯ এর কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জরুরি ত্রাণ সহায়তা প্রদান করার লক্ষে হাট-বাজার ইজারালব্ধ আয় থেকে উপজেলা পরিষদের রাজস্ব আয় হিসেবে আগত ৪১ শতাংশ অর্থ থেকে ২৫ শতাংশ ব্যয় করার অনুমতি দেওয়া হল।”

২০১৯-২০ অর্থ বছরের হাট-বাজার ইজারা থেকে আয়ের ২৫ শতাংশ অর্থ ত্রাণ হিসেবে বিতরণ করতে পারবে উপজেলা পরিষদগুলো।

‘সরকারি হাট-বাজারসমূহের ব্যবস্থাপনা, উজারা পদ্ধতি এবং উহা হইতে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত’ নীতিমালা অনুযায়ী, হাট-বাজারের ইজারা থেকে পাওয়া অর্থের ৫ শতাংশ অর্থ ‘সেলামীস্বরূপ’ সরকাকে ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হয়। ২০ শতাংশ অর্থ দফাদার ও মহল্লাদারদের বেতন পরিশোধের জন্য দিতে হয় ইউনিয়ন পরিষদের সচিবকে।

ইজারা আয়ের ৫ শতাংশ অর্থ যে ইউনিয়নে হাট-বাজার অবস্থিত সেই ইউনিয়ন পরিষদকে অরিরিক্ত দিতে হয়, ৪ শতাংশ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এবং ১৫ শতাংশ (কিছু কিছু ক্ষেত্রে ২৫ শতাংশ) হাটবাজারের রক্ষণাবেক্ষণ/উন্নয়নের জন্য হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি ব্যয় করতে পারে।

এছাড়া ইজারা আয়ের বাকী ১০ শতাংশ অর্থ উপজেলা উন্নয়ন তহবিলে উপজেলার অন্তর্গত হাট-বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের জন্য জমা করতে হয়। বাকী ৪১ শতাংশ অর্থ উপজেলা পরিষদ রাজস্ব আয় হিসেবে পায়। এই অর্থ উপজেলা পরিষদের রাজস্ব ব্যবহার নির্দেশনা অনুযায়ী ব্যয় করা হয়।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে হাট-বাজারের ইজারা মূল্য পরিশোধের সময় দুই মাস বাড়িয়েছে সরকার।

গত ৩ এপ্রিল হাট-বাজারের ইজারা শোধের শেষ সময় থাকলেও তা আগামী ৩১ মে পর্যন্ত শোধ করার সময় বেঁধে দিয়েছে সরকার।