কদমতলীতে শিশু ধর্ষণে গ্রেপ্তার যুবক রিমান্ডে
রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
টুটুল নামের ওই যুবককে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানান।
আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে জানান তিনি।
গত ২৫ এপ্রিল সন্ধ্যায় মুরাদনগর এলাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় এক যুবক। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা ওই যুবকের ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচ থেকেই শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, “টুটুলের বাসা মুগদা এলাকায়। সে কদমতলীতে তার নানা ও খালার বাসায় মাঝে মাঝে ঘুরতে যেত।”
রিমান্ড আবেদনে বলা হয়, মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ফুটেজে দেখা যায়, এক যুবক মেয়েটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের ১০০ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় সাঁটানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।
ঘটনাটি তদন্ত করেন কদমতলী থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান, এসআই আব্বাস ও এএসআই ওয়ালী উল্লাহর নেতৃত্বে একটি টিম ওই যুবককে শুক্রবার রাতে গ্রেপ্তার করে। টুটুল ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
