মহামারীর মে দিবসে শ্রমজীবীদের কষ্টগাথা
করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের ফলে যেন থমকে গেছে রাজধানীর খেটে খাওয়া মানুষদের জীবন; থেমে গেছে শ্রমিকদের কঠোর পরিশ্রমের দিনচিত্র।
শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের স্মরণীয় দিন মে দিবসে এবার অন্যবারের মতো লালপতাকা হাতে স্লোগান কণ্ঠে আনন্দ-উল্লাসে সমবেত জমজমাট মিছিল বা জমায়েত ছিল না।
বরং শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিভেজা ফুটপাতে কর্মহীন, উপার্জনহীন হয়ে শুষ্ক, নিরুপায় মুখ নিয়ে বসে থাকতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের।
রামপুরা, মালিবাগ, মৌচাক, পুরানা পল্টন, তোপখানা রোড, ফকিরেরপুল, বিজয়নগর, কাকরাইলের বিভিন্ন স্থানে রিকশাচালক, ঠেলা গাড়িচালক, ফেরিওয়ালাদের কথা-বার্তায় উঠে এসেছে তাদের কষ্টের নানা কথা।
মালিবাগের চৌধুরী পাড়া থেকে বাড়ি নির্মাণ সামগ্রী নিয়ে সকাল বেলা একরকম না খেয়েই বেরিয়েছেন ঠেলা গাড়িচালক কলিমুল্লাহ। মহামারীতে স্থবির পরিস্থিতির মধ্যে এই খেপকে দিনের একমাত্র উপার্জন বলে মনে করছেন তিনি। কারণ, আগের দিন তার কোনো উপার্জন ছিল না।
দিনযাপনের কষ্টের কথা তুলে ধরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কঠিন কষ্টে আছি স্যার। একটা ট্রিপ কমলাপুর নিইয়া গেলে দেড়‘শ টাকা পামু। দু‘জনে ভাগ করলে কী পামু বুঝেন তো। কেমনে চলমু কইতে পারি না।”
“দেখেন, তিন বারের জায়গা এখন দুইবার খাইতে হইতেছে। সকাল বেলা খালি পেটে বাইর হইছি। রাস্তায় একটা ফুটপাতে বিস্কুট ও চা খাইছি। দুপুরে ১/২টায় বাসায় যেয়ে ভাত খাব।”
ভেজা শরীর নিয়ে কাকরাইলে বসে আছেন বশির। সকাল থেকে মাত্র দুটি খেপ মারতে পেরেছেন তিনি।
স্মৃতির রোমন্থন করতে করতে বশির বললেন, “গত বছরের মে দিবসের সকাল বেলার কথা। রামপুরা থেকে বিজয়নগর এসে দেখেছি লাল পতাকা হাতে মিছিল আর মিছিল। ‘দুনিয়ার মজদুর এক হও’ শ্লোগান। আজকে করোনা সেটাও কাইড়া নিছে। লাল পতাকা নাই, মিছিলও নাই। একটা ভয় কোথায় নিয়া গেছে আমাদের।”
রিকশাচালক বশির বলেন, ‘‘আমরা খেটে খাওয়া শ্রমিক স্যার। এই রিকশা সারা দিন চালিয়ে মালিকের কাছে জমা দিতে হয় ২০০ টাকা। তাহলে মনে করেন, দিনে কমপক্ষে আমাকে ৪০০ টাকা মারতে (আয়) হবে। কিন্তু গতকাল ৩০০ টাকা হইছিলো। আর আজকে এই ১১টা পর্যন্ত মাত্র ৪০ টাকা হইছে। এই হচ্ছে আমাদের কষ্টের জীবন।”
ত্রাণ পাওয়া যায় কিনা জানতে চাইলে তার ভাষ্য, ‘‘ স্যার ত্রাণ তো পাওয়া যায় না। মানিকনগরে থাকি। ওই এলাকায় যাদের ভোট আছে তাদের আইডেনটিটি কার্ড জমা নিচ্ছে কমিশনার। আমার তো এখানে ভোটও নাই, এজন্য আমার কার্ডও জমা নেয় না। আমি তো ভোটার পঞ্চগড়ে। ত্রাণ পাব কীভাবে?”
মৌচাকের কাছে ফুটপাতের পাশে বন্ধ দোকানের নিচে বসে আছেন বৃদ্ধা আয়েশা খাতুন। এক মেয়েকে নিয়ে থাকের রামপুরায়।
তিনি বলেন, “আমি রাস্তাত পইরা থাকি। ত্রাণের ব্যাগ দেয়, আমি একদিনও একমুঠও…. পাইছি না। কমিশনার কাছে থেইকা পাইছি না, এলাকার থেইকাও পাইছি না। কইলে কয় ফুরাইয়া গেছে ঘা। পাইছি কোনডা? এই যে পুলিশ খাওয়ার দেয়, একটা খাবারের প্যাকেট পাই। ”
মালিবাগের মোড়ে ফুটপাতে জুতা-স্যান্ডেল সেলাই করে জীবিকা নির্বাহ করে টাঙ্গাইলের এলেঙ্গার অধিবাসী আরিফ। বউ-ছেলে-শ্বশুড়-শাশুড়ি নিয়ে একসাথে কমলাপুরের মানিকনগরে থাকেন। তার স্ত্রী একটি গার্মেন্টেসে কাজ করেন যা এখন বন্ধ।
তিনি বলেন, “বড় কষ্টে আছি। ইনকাম নাই। ইনকাম নাই গতকাল ১০০ টাকার কাম করছি। আজকে সকাল থেকে এখন সাড়ে ১১টা বাজে মাত্র ২০ টাকার কাম করছি। মানুষ নাই, ইনকামও নাই।”
“গতকাল ১০০ টাকা দিইয়া চাল-ডাল কিইনা নিয়া বাসায় গেছি।”
করোনাভাইরাস সংক্রমণে বিপাকে পড়েছেন স্বপ্নাও। গার্মেন্টস বন্ধ হওয়ায় সিগারেট-দিয়াশলাই বিক্রি করেন তিনি।
“স্বামী দোকানে কাজ করতো। দোকান-পাট বন্ধ হওয়ায় এখন ঘরে থাকে। আমি গার্মেন্টসে কাজ করতাম, সেই গার্মেন্টসও বন্ধ। এভাবে আর কতদিনে চলবো, কতদিন থাকবে, আগের মতোন কবে হবে সেইটাও এখন কেউ কইতে পারে না। এই কষ্টের শেষ কোনদিন হবে কে জানে?
প্রতিদিন ডাল-ভাত জোটানো নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই বলে জানাল স্বপ্না।
বেসরকারি ফার্মের কর্মকর্তা তাইফুল ইসলাম বলেন, “করোনাভাইরাস পুরো পৃথিবীর চেহারা পাল্টিয়ে দিয়েছে। মানুষজন ঘরবন্দি, হাসপাতালে মৃত্যুর মিছিল।
“শ্রমজীবী বলেন, শ্রমিক বলেন, তাদের সবচেয়ে প্রাণের একটি দিন এই মে দিবসটিতেও তারা কত টেনশনের আছে জীবন-জীবিকা নিয়ে। খেঁটে খাওয়া মানুষের খেয়ে-পড়ে বেঁচে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।“
