ঝড়বৃষ্টি শেষে গরমের দাপট বুধবারের পর
কখনও সকালে, কখনও বিকালে- আকাশ কালো করে আসা মেঘ, মাঝে মাঝে ঝড়ো বাতাসের মাতামাতি, সাথে খেয়ালি প্রকৃতি ইচ্ছেমত ঝরাচ্ছে বৃষ্টি। বৈশাখের শুরু থেকে মাঝামাঝি এই সময়েও চলছে ঝড়বৃষ্টির এমন দাপট।
আবহাওয়ার আভাস হল- আরও কয়েকদিন চলবে এ অবস্থা। সাথে শনি-রোববারের দিকে নিম্নচাপের বার্তাও রয়েছে। সবমিলিয়ে ঝড়বৃষ্টি কেটে ঝকঝকে রোদের আঁচ মিলতে পারে বুধবারের (৬ মে) পর।
শুক্রবার সকালে ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে ৫২ মিলিমিটার।
অঝোর বৃষ্টির মধ্যে ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে এক পরিবার। ছবি: আসিফ মাহমুদ অভি
২০ এপ্রিলের পর ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ে ২৩ এপ্রিল বিকালে ঘনকালো মেঘে ঢাকা পড়ে রাজধানীর আকাশ। টানা ১০ দিন ধরে আবহাওয়ার এমন রূপ। মাঝে মধ্যে অবশ্য রোদের ঝলকও দেখা গেছে।
আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখীর মৌসুমে মেঘের আকাশের নিচের দিকে এই আনাগোনা স্বাভাবিক। পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ থাকলে বৃষ্টির প্রবণতাও বাড়ে। এ কারণেই রাজধানীসহ দেশের অনেক বর্ষণ হচ্ছে। মাঝ বৈশাখে এমন বৃষ্টি ‘স্বাভাবিক’।
পরবর্তী ২৪ ঘণ্টার (শনিবারের) পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “মাঝ বৈশাখে বর্ষার মতো বৃষ্টি নয়; বরং কালবৈশাখীর সময়ে এমন বৃষ্টিস্নাত আবহাওয়া বিরাজ করেই। স্বাভাবিক এমন বৃষ্টি আগামী সপ্তাহে কমে আসবে। নিম্নচাপের শঙ্কা রয়েছে শনি অথবা রোববারের দিকে। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি থাকবে।”
২০১৭ সালেও এমন বৃষ্টিবহুল এপ্রিল মাস দেখেছিল বাংলাদেশ। ওই বছর উচ্চচাপ বলয় দুর্বল থাকায় পূবালী-পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণ বাংলাদেশের উপর বেশি সক্রিয় হয়।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় বেশি দুর্বল থাকলে পূবালী ও পশ্চিমা লঘুচাপের সক্রিয়তায় অতি বর্ষণ হয়ে থাকে। উচ্চচাপ বলয় যত শক্তিশালী হয় কালবৈশাখী ঝড় তত কম হয়।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, “চলমান বৃষ্টি ৫ অথবা ৬ মে এর দিকে কমে আসবে; রোদেলা আবহাওয়া বিরাজ করবে। এসময় গরমের দাপটও থাকবে।”
বৃষ্টি থেকে বাঁচতে এক হাতে ছাতা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন একজন। ছবি: আসিফ মাহমুদ অভি
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বার্তায় বলা হয়, বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে-দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের নিকবর্তী এলাকায় নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে আন্দামান-নিকোবর এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ধাবিত হবে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, নিম্নচাপটি ৩ অথবা ৪ মে নাগাদ মায়নমার উপকূলে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অবস্থান করতে পারে। নিম্নচাপের প্রভাবে ৪ মে থেকে ৭ মে চট্টগ্রাম ও বরিশালে ভারি বর্ষণের শঙ্কা রয়েছে। এসময় উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার থাকবে।
সম্ভাব্য ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার শঙ্কার কথা বলা হলেও বাংলাদেশের জন্য আগাম কোনো উদ্বেগের তথ্য নেই বলে জানান আবহাওয়াবিদরা।
“নিম্নচাপের সব লক্ষণ রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় যে হবে এমন আগাম কোনো লক্ষণ বা আবহাওয়ার অবস্থা এখনই বলার সময় হয়নি,” বলেন ওমর ফারুক।
