২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন আরও ১৬৮ ব্রিটিশ নাগরিক

কোভিড-১৯ মহামারীর মধ্যে বাংলাদেশ থেকে বিশেষ ব্যবস্থায় ব্রিটিশ নাগরিকরা দেশে ফেরা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 03:56 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

রোববার বিকালে আরও ১৬৮ জন ব্রিটিশ নাগরিক নিজেদের দেশে পথে রওনা হয়েছেন বলে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৩টা ১৮ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট তার নিয়ে উড়াল দেয়।

তিন দফায় এরই মধ্যে ১০ শিশুসহ ৬ শতাধিক ব্রিটিশ নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে গিয়েছেন। 

কোভিড ১৯ মহামরীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরছেন। পাশপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন।

গেল সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন।

তার কয়েকদিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিক। আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ছেড়েছেন ঢাকা।

এছাড়াও সপ্তানখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।