শ্রমিক অসন্তোষের দায় মালিকের: স্কপ
করোনাভাইরাস সঙ্কটের এই সময়েও শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভের জন্য মালিকদের দুষেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ।
রানা প্লাজা ধসে নিহত পোশাক শ্রমিকদের স্মরণে শুক্রবার পাঠানো বিবৃতিতে বর্তমানে পোশাক শ্রমিকদের বিক্ষোভে জন্য মালিকদের দায়ী করে সংগঠনটি।
করোনাভাইরাস সঙ্কটে লকডাউনের মধ্যে কারখানাগুলো বন্ধ রয়েছে। এর মধ্যে বেতন না পেয়ে নানা কারখানার শ্রমিকরা বিক্ষোভে নামে।
যদিও ভাইরাস সংক্রমণ এড়াতে এসময় সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
স্কপের বিবৃতিতে বলা হয়, গার্মেন্টস মালিকরা একদিকে সরকারের কাছে সহজ শর্তে প্রণোদনা নিচ্ছে, অন্যদিকে শ্রমিক ছাঁটাই ও লে-অফ ঘোষণা করছে।
“শ্রম আইনের ১২ ও ১৬ ধারার অপপ্রয়োগ করছেন মালিকেরা। শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের দায় মালিকদেরই বহন করতে হবে।”
এই সঙ্কটকালে শ্রমিক ছাঁটাই কিংবা কারখানা লে-অফ না করার আহ্বান জানিয়েছে স্কপ।
রানা প্লাজা ভবন ধসের জন্য দায়ীদের বিচার এখনও শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্কপ। আহত ও পঙ্গু শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিও জানিয়েছে তারা।
সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু এবং ৩ হাজার শ্রমিকের আহত হওয়ার শোকাবহ দিনটি এবার করোনাভাইরাস সঙ্কটের কারণে ভিন্ন আঙ্গিকে পালন করে শ্রমিক সংগঠনগুলো।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা-কর্মীরা নিজ নিজ স্থান থেকে এক প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন শুক্রবার।
তারা আইন সংশোধন করে রানা প্লাজা ধসের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
২৪ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবিও জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
