কলাবাগানের ওই বাড়ির মালিক কারাগারে
এক মাসের বকেয়া ভাড়ার জন্য করোনাভাইরাস সংকটের মধ্যে ভাড়াটিয়া পরিবারকে বের করে দেওয়ার ঘটনায় রাজধানীর পান্থপথের বাড়ির মালিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
নূর আক্তার শম্পাকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে চেয়েছিলেন কলাবাগান থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান। অন্যদিকে শম্পার আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে শম্পাকে গ্রেপ্তার করে র্যাব।
তার বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান এবং তাদের বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা ও তার সঙ্গীরা। র্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানান।
তিনি তাদের অনুরোধ না রেখে র্যাব-পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
পরে কলাবাগান থানায় শম্পা ও তার স্বামী শহীদুল্লাহ খানকে আসামি করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।
