২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে মতিঝিলে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

এপ্রিলের ১৬ দিন পেরিয়ে গেলেও মালিকরা মার্চ মাসের বেতন পরিশোধ না করায় রাজধানীর মতিঝিলে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 04:32 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

পুরনো খবর:

বেতনের দাবিতে রাজধানীজুড়ে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
বিজিএমইএর অর্ধেক কারখানায় বেতন হয়নি

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, কমলাপুরের বিশ্বাস টাওয়ারের কাছে বিন্নী গার্মেন্টস ও সর্দার গার্মেন্টসের কয়েকশ পোশাক শ্রমিক বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

“সর্দার গার্মেন্টসের মালিকপক্ষ পরে এসে বেতন দিতে শুরু করলে শ্রমিকরা শান্ত হয়। আর বিন্নী গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পুলিশকে জানায় দুপুর থেকে তাদের শ্রমিকদের তারা বেতন দেবে।”

মহামারী ছড়ানো ঠেকাতে সরকার ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। বেশিরভাগ তৈরি পোশাকের কারখানাও এখন বন্ধ রয়েছে।

এরই মধ্যে কারখানার শ্রমিকদের বেতনের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে মালিকদের। ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মালিকদের হুঁশিয়ার করা হয়েছে।

কিন্তু তারপরও অনেক কারাখানায় বেতন না হওয়ায় বুধবারও আশুলিয়া, উত্তরা, বাড্ডা, ভাটারা,মিরপুর, ভাষানটেক, শাহআলি, তেজগাঁও, মতিঝিল এলাকায় শতশত শ্রমিক বেতনের দাবিতে রাস্তায় নামে।