১০ টাকার চাল আত্মসাতের ঘটনা তদন্তে কমিটি
নভেল করোনাভাইরাসের মধ্যে অবরুদ্ধ হয়ে থাকা প্রায় উপার্জনহীন দুস্থ মানুষদের জন্য দশ টাকা কেজি দরের বিশেষ ওএমএসের ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমানকে আহ্বায়ক করে সোমবার খাদ্য মন্ত্রণালয় তিন সদস্যের এই কমিটি গঠন করে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম এবং যুগ্ম-সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীকে কমিটিতে সদস্য করা হয়েছে।
কমিটিকে বিভিন্ন খাদ্য কর্মসূচি পরিচালনার নীতিমালা পর্যালোচনা এবং মাঠ পর্যায়ে স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে বস্তুনিষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, দেশের হতদরিদ্র মানুষের জন্য খাদ্য চাহিদা পূরণ এবং বাজার মূল স্থিতিশীল রাখতে খাদ্য অধিদপ্তর ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচী পরিচালনা করে।
“সাম্প্রতিক সময়ে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে কর্মহীন মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস শুরু কর হয়। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনায় ওএমএস নীতিমালা ও খাদ্যবান্ধব নীতিমালা রয়েছে।
“বিশেষ ওএমএস পরিচালনার জন্য আরও কিছু সুনির্দিষ্ট নির্দেশমালা জারি করা হয়েছে। বর্ণিত নীতিমালাগুলোতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিক্রয়, বিতরণ ও তদারকির বিষয়ে সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো ও নির্দেশাবলী রয়েছে।”
এরপরেও গত ৫ ও ৭ এপ্রিল বিশেষ ওএমএস বিক্রির সময় দেশের বিভিন্ন স্থানে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিসহ খাদ্য বিভাগের বিপুল পরিমাণ চাল আত্মসাতের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
“কোথাও কোথাও স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবৈধ ব্যবসায়ী/আত্মসাৎকারী ডিলারদেরকে আটক করে মামলা দায়ের করেছে।”
এদিকে অন্য এক আদেশে কীভাবে বিপুল সংখ্যক চাল আত্মসাতের ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
চাল আত্মসাতের সঙ্গে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত থাকলে বা কারো কর্তব্যে অবহেলা থাকলে তাও চিহ্নিত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে জরুরিভিত্তিতে সেই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতেও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।
ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা শহর এবং পৌরসভাগুলোতে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে।
বিভাগীয় ও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পৌরসভার নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি ও তদারকিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একজন ভোক্তা সপ্তাহে একবার পাঁচ কেজি চাল কিনতে পারছেন।
দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রতিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তরা এসব চাল আত্মসাতের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। এই চাল আত্মসাতের ঘটনায় বেশ কয়েকজন জনপ্রতিনিধিকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
