২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রত্নস্থল ও জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত বন্ধ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২ এপ্রিল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 01:05 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক আদেশে বলা হয়, ‘জনস্বাস্থ্য সুরক্ষার’ স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সব দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।

বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জনের এ ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। বিশ্বজুড়ে এ রোগের প্রকোপ বাড়তে থাকায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলেছে। কক্সবাজার ও চট্টগ্রামের সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রেও পর্যটকদের  যেত নিষেধ করা হচ্ছে।  

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ৫১৯ টি সংরক্ষিত পুরাকীর্তি রয়েছে ও ২১টি প্রত্নতাত্ত্বিক জাদুঘর রয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকার লালবাগ দুর্গ জাদুঘর, ময়মনসিংহ জাদুঘর, মানিকগঞ্জের বালিয়াটি প্রাসাদ ও জাদুঘর, বগুড়ার মহাস্থান জাদুঘর, নওগাঁর পাহাড়পুর জাদুঘর, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারিবাড়ি,রংপুরের রংপুর জমিদারবাড়ি ও তাজহাট জমিদারবাড়ি, শাহজাদপুরের রবীন্দ্র কাচারিবাড়ি, রাজশাহীর বাঘা জাদুঘর, নাটোরের চলনবিল জাদুঘর, খুলনা বিভাগীয় জাদুঘর, খুলনার দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, বাগেরহাটের জাদুঘর. ষাটগম্বুজ মসজিদ, কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি, যশোরের সাগরদাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, বরিশালের চাখারে শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতি জাদুঘর, বরিশালের বিভাগীয় জাদুঘর, ময়নামতি জাদুঘর, চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, নারায়ণগঞ্জের পানাম সিটি প্রত্নস্থল, বগুড়ার গোবিন্দ ভিটা প্রত্নস্থল, বগুড়ার গোকুলমেধ মন্দির, কুমিল্লার ময়নামতিতে শালবন বিহারে আগামী ২ এপ্রিল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এর মধ্যে লালবাগ দুর্গ, মহাস্থান জাদুঘর, শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি, ষাটগম্বুজ মসজিদ, পানাম সিটি প্রত্নস্থলের প্রতিটিতে দিনে গড়ে এক থেকে দেড় হাজার দর্শনার্থী আসেন বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) গাজী ওয়লিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।