২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজলের সন্ধান মেলেনি; পুলিশের ভূমিকায় পরিবারের ক্ষোভ

ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের মামলার পর থেকে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান এখনও না পেয়ে উৎকণ্ঠায় থাকা তার পরিবার পুলিশের ভূমিকা নিয়ে জানিয়েছে ক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 09:08 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

কাজলের ছেলে মনোরম পলক অভিযোগ করেছেন, তারা মামলা করতে চাইলেও চকবাজার ও নিউ মার্কেট থানা একে অন্যকে দেখাচ্ছে।

পুলিশের সঙ্গে যোগাযোগ করেও এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চকবাজার থানা বলছে, তারা মামলার উপাদান খুঁজে পাচ্ছেন না।

এদিকে আট দিনেও কাজলের সন্ধান না মেলায় প্রশাসনের উদ্যোগহীনতায় সাংবাদিকদের সংগঠনগুলোও ক্ষোভ জানিয়েছে। বৃহস্পতিবার কর্মসূচি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করা কাজল এখন ‘পক্ষকাল’ নামের একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করছেন। গত ১০ মার্চ থেকে তিনি নিখোঁজ।

তার আগের দিনই মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন, তাতে আসামির তালিকায় কাজলের নামও রয়েছে।

যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িত’দের নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও ফেইসবুকে লেখালেখি নিয়ে মামলাটি হয়, যাতে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীও আসামি।

কাজল নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী চকবাজার থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এখন মামলা করতে গিয়ে পুলিশের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন কাজলের ছেলে মনোরম পলক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে পুলিশের কোনো তৎপরতা নেই। তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে চলতে চাইছে।”

পুলিশ কীভাবে দায়িত্ব এড়াচ্ছে- প্রশ্ন করলে পলক বলেন, “চকবাজার ও নিউ মার্কেট থানা পুলিশ মামলার জন্য একে অন্যকে দেখাচ্ছে। কিন্তু কেউই মামলা নিচ্ছে না।

“বাবার সন্ধানে চকবাজার থানায় মামলা করতে গেলে সেখানকার পুলিশ বলছে, আপনার বাবা সর্বশেষ নিউ মার্কেট থানা এলাকায় অফিস করেছে, আপনারা ওই থানায় তার সন্ধান চেয়ে মামলা করেন।

“আর নিউ মার্কেট থানা বলছে, তারা মামলা নেওয়ার কোনো গ্রাউন্ড নাকি পাচ্ছে না। নিউ মার্কেট থানা পুলিশ বলছে, তারা সিসিটিভি ফুটেজে দেখেছেন বাবা সন্ধ্যা ৭টার দিকে সুস্থভাবে তার অফিস থেকে মোটরসাইকেলে বের হচ্ছেন। তাই বাবা নিখোঁজ, এমন কোনো মামলা তারা নিতে পারছে না।”

কাজল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী পাঁচ বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তার অনুপস্থিতি পরিবারটি  ভীষণ উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছে।

পলক বলেন, “আট দিন ধরে আমার বাবার কোনো খোঁজ পাচ্ছি না। আমরা তাকে সুস্থভাবে ফেরত চাই।”

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে নিউ মার্কেট থানার ওসি স ম কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজল ১০ মার্চ সন্ধ্যায় সুস্থভাবে মোটরসাইকেল চালিয়ে চকবাজার থানা এলাকা থেকে বের হয়েছিলেন, যেটা পুলিশ সিসিটিভি ফুটেজে দেখেছে। তাই এখানে নিউ মার্কেট থানা পুলিশের করণীয় কিছু নেই।’

চকবাজার থানায় যেহেতু জিডি হয়েছে, ওই থানায়ই পরিবারকে মামলা করতে হবে, বলেন তিনি।

চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “তার পরিবার মামলা করতে চাইলেও আমরা বলেছি, মামলা হওয়ার মতো কোনো উপাদান আমরা খুঁজে পাইনি।

“কারণ পরিবার বলেছিল, বকশীবাজারের বাসা থেকে দুপুরে বের হওয়ার পর তার সন্ধান মেলেনি। কিন্তু আমরা নিশ্চিত হয়েছি, তিনি বিকেলে অফিসে ছিলেন। সন্ধ্যার পর তিনি অফিস থেকে সুস্থভাবে বের হয়েছিলেন।”

তারপরও মামলা করতে চাইলে পুলিশ তা ‘বিবেচনা করবে’, বলেন ওসি।

কাজলের সন্ধানে পুলিশের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ওসি মওদুদ বলেন, “পুলিশ কাজ করছে। এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই, তবে আশা করি, তার সন্ধান দেওয়া সম্ভব হবে।”

মানববন্ধনে বন্ধু-স্বজনরা

আট দিনেও কাজলের সন্ধান না মেলায় ক্ষুব্ধ তার বন্ধু ও স্বজনরা বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।

মানববন্ধনে কাজলের ছেলে পলক বলেন, “বর্তমানে এই ডিজিটাল সময়ে একজন মানুষকে খুঁজে পাওয়া কোনো দুরূহ কাজ না সরকারের পক্ষে। তাই কথা একটাই, বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ৯০ এর ছাত্রনেতা শফি আহমেদ, আব্দুল্লাহিল কাইয়ুম, সিরাজুমমুনীর, কাফি রতন, জায়েদ ইকবাল খান, শ্রমিক নেতা আবুল হোসাইন, নজরুল ইসলাম, এডভোকেট শওকত হোসেন, সাংবাদিক ইউনিয়ন নেতা সাজ্জাদ আলম খান তপু, আবু জাফর সূর্য, জেমী হাফিজ, রফিকুল ইসলাম সুজন প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।

কাজলের বন্ধু ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, “কাজল আত্মগোপনে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাকে খুঁজে বের করা। আমরা কাজলকে অক্ষত অবস্থায় ফেরত চাই।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, কাজল শৈশব থেকেই প্রতিবাদী ছিলেন। ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

“ওয়ান-ইলেভেনের সময় গণমাধ্যমের উপর যখন কালো ছায়া নেমে এসেছিল, সে কালো ছায়া থেকে গণমাধ্যমকে মুক্ত করায় অগ্রণী ভূমিকায় ছিল কাজল। নিজের জীবনকে তুচ্ছ করে তিনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করেছেন।

“আমরা পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন, তিনি বিষয়টি গভীরভাবে দেখবেন। আমরা বিশ্বাস করতে চাই কাজল অক্ষত অবস্থায় আমাদের মাঝে অতি দ্রুত ফিরে আসবেন।”

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বলেও জানান তপু।

পুরনো খবর:

পাপিয়াকাণ্ড: মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে এমপির মামলা
আলোকচিত্র সাংবাদিক কাজলের সন্ধান চেয়ে পরিবারের জিডি
কাজলের সন্ধান মেলেনি, বিএফইউজের উদ্বেগ