আলোকচিত্র সাংবাদিক কাজলের সন্ধান চেয়ে পরিবারের জিডি
ক্ষমতাসীন দলের একজন এমপি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর থেকে আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় জিডি করেছে পরিবার।
তার ছেলে মনোরম পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ মার্চ তার বাবা বকশিবাজারের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তারা।
“তার সন্ধানে আমরা গতকাল (বুধবার) চকবাজার থানায় একটা সাধারণ ডায়েরি করেছি।”
চকবাজার থানার ওসি মওদুদ হাওলাদার জানান, কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী বুধবার বিকালে থানায় গিয়ে ওই জিডি করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এক সময় দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করা কাজল এখন ‘পক্ষকাল’ নামের একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করছেন।
যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িত’দের নিয়ে প্রকাশিত প্রতিবেদনের কারণে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে আসামির তালিকায় কাজলের নামও রয়েছে।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন।
মতিউর রহমান চৌধুরী, মানবজমিনের সাংবাদিক আল আমিনের পাশাপাশি ৩০ জন ফেইসবুক ব্যবহারকারীকে সেখানে আসামি করা হয়েছে, যারা মানবজমিনের ওই প্রতিবেদন শেয়ার বা মন্তব্য করেছেন। কাজল তাদেরই একজন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদও ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মামলার তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করেননি।
চকবাজারের ওসি মওদুদ বলছেন, ১০ মার্চ বিকাল ৩টার পর থেকে কাজলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। পুলিশ তার সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করছে; দেশের প্রতিটি থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
