২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর চাপ বাড়ানো উচিৎ: মার্কিন রাষ্ট্রদূত 

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো উচিৎ বলে মত দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 12:26 AM

Updated : 18 Aug 2022, 02:42 PM

সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে মার্কিন রাষ্ট্রদূত এই মত প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর আরো চাপ সৃষ্টি করা উচিত বলে বৈঠকে মত প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।”

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টিও আলোচনায় আসে। প্রাণঘাতী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারের নেওয়া সতর্কতামূলক পদক্ষেপগুলোর কথা এ সময় বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, মার্কিন দূতাবাস বিশেষ কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করবে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে। বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

“আমাদের লক্ষ্য মুজিববর্ষের মধ্যে সবার জন্য বিদ্যুৎ ও আবাসন নিশ্চিত করা… আমরা চাই একটি বাড়িও বিদ্যুৎ ছাড়া থাকবে না এবং মুজিববর্ষের মধ্যে একটি মানুষও গৃহহীন থাকবে না।”

প্রেস সচিব জানান, মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে একটি অ্যালবাম উপহার দেন, যাতে ১৯৭৪ সালে জাতির পিতার যুক্তরাষ্ট্র সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে তার একটি আলোকচিত্র রয়েছে।

শেখ হাসিনা অ্যালবামটির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং রাষ্ট্রদূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।

রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অগ্রগতি নিয়ে এ সময় তাদের মধ্যে আলোচনা হয়।

লিখাচেভ বলেন, যদি ভবিষ্যতে কখনও বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা দেখা দেয়, বাংলাদেশ সরকারের সহায়তাতেই তার সমাধান করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ‘চমৎকার সহযোগিতার জন্য’ বাংলাদেশ সরকার এবং মস্কোতে বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানান লিখাচেভ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে স্থানীয় প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “প্রশিক্ষণ খুব জরুরি, কেননা তাদের এই কাজের পূর্ব অভিজ্ঞতা নেই।”

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এবং পরে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তখনকার সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা এ সময় স্মরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “রাশিয়া সবসময়ই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান রোসাটম মহাপরিচালক।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসান এবং ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেজান্দার আই ইগনেটভ এ সময় উপস্থিত ছিলেন।

ম্যাক্রোঁর চিঠি পৌঁছে দিলেন হেনরি লেভি

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু ফরাসি রাজনীতিক, লেখক, চলচ্চিত্রকার বার্নাড হেনরি লেভি এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর একটি চিঠি হস্তান্তর করেন।

হেনরি লেভির বক্তব্য থেকে উদ্বৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “এটি হৃদয় থেকে লেখা একটি চিঠি এবং আমরা বাংলাদেশের সঙ্গে বাস্তব কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চাই।”

বাংলাদেশের বন্ধু এই ফরাসি বুদ্ধিজীবী প্রধানমন্ত্রীকে বলেন, “আমি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং তিনি আপনার দেশপ্রেমে অভিভূত।” 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন বলে প্রধানমন্ত্রীকে জানান বার্নাড হেনরি লেভি।  

মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশে প্রবেশের কথা এ সময় তিনি স্মরণ করেন এবং বাংলাদেশের ওপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

একাত্তরে গণহত্যার স্বীকৃতি আদায়ে যতটা সম্ভব মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে তথ্য সংগ্রহেরও পরামর্শ দেন হেনরি লেভি।  

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এ সময় উপস্থিত ছিলেন।