২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে তার নামে একটি কর্নার চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2020, 06:37 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার মন্ত্রণালয়ের নিচতলায় এই 'বঙ্গবন্ধু কর্নারের' উদ্বোধন করেন।

তিনি বলেন, “গত বছর আমরা মন্ত্রণালয়ে গণহত্যা কর্নার করেছি। জাতির জনকের জন্মশতবার্ষিকীর প্রাক্কালে আজ আমরা বঙ্গবন্ধু কর্নার চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত।”

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে তার কর্মকাণ্ডের নানা দিক কর্নারে উপস্থাপন করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিদেশের ৭৭টি মিশনেও বঙ্গবন্ধুর কর্নার চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, “বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা আমার সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। সেইসঙ্গে তার দেখানো পথ ধরে বাংলাদেশের যে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে সেটাই তুলে ধরতে চাই।”

তিনি বলেন, বঙ্গবন্ধু যে কূটনৈতিক নীতি আমাদের দিয়ে গেছেন, 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়', সেই নীতেই বাংলাদেশ অনুসরণ করে চলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্বিশ্ব প্রচার অনুবিভাগের মহাপরিচালক সামিয়া হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় সংগীত, এর ইংরেজি অনুবাদের পাশাপাশি বঙ্গবন্ধুর বিদেশের বিভিন্ন সফর, তার শাসনামলে রাষ্ট্র ও সরকার প্রধানদের সফরের অনেক ছবি কর্নারে থাকছে।

সেইসঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও প্রদর্শনের জন্য একটি স্ক্রিন এবং তার উপর লেখা বইগুলোও কর্নারে থাকছে বলে জানান তিনি।

সামিয়া হালিম বলেন, “সাধারণত ডিপ্লোমেটরা এলে আমরা এই কক্ষে বসতে দিই। তারা এখানে অপেক্ষার সময় বঙ্গবন্ধুকে গভীরভাবে জানতে পারবেন। তারপর যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, তার সঙ্গে দেখা করতে যাবেন।”

অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।